অলিম্পিকের টিকিট বিক্রি হচ্ছে না!
অলিম্পিক সমাগত। আসন্ন জুলাইয়ে লন্ডনে গড়াবে আসর। কিন্তু ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় ও মর্যাদার এই আসরের টিকিট বিক্রির হার নাকি খুবই হতাশাজনক। ব্রিটেনের বিখ্যাত ডেইলি মেইলে এমন একটি খবর জানিয়ে বলা হয়েছে অর্থনৈতিক মন্দার কারণেই নাকি সাড়া নেই ক্রেতাদের।প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, স্পেনের জন্য বরাদ্দকৃত টিকিটের প্রায় সবই অবিক্রীত থেকে গেছে। গত কয়েক মাস বিভিন্ন চেইন শপে টিকিট বিক্রি করে স্প্যানিশ অলিম্পিক কমিটি। কিন্তু মাত্র তাতে হাতে গোনা কয়েকটি টিকিট বিক্রি হয়। কোনো কোনো দোকানে একটি টিকিটিও বিক্রি হয়নি। হাজার হাজার অবিক্রীত টিকিটের মধ্যে রয়েছে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান এবং পুরুষদের ১০০ মিটার ফাইনালের মতো জনপ্রিয় ইভেন্টের টিকিটও। এর ফলে, বাধ্য হয়ে অনলাইনে টিকিট ছাড়ার ঘোষণা দিয়েছে অলিম্পিক কমিটি।ইউরোপীয় ইউনিয়নের অধিবাসীরা আজ থেকেই অনলাইনে টিকিট কিনতে পারছেন। ব্রিটেনের আরও একটি পত্রিকা সানডে টাইমস জানিয়েছে, পূর্ব লন্ডনের হোটেলের একটি কক্ষের এক রাতের ভাড়াসহ এক জোড়া টিকিটের মূল্য পড়বে তিন হাজার পাউন্ড। কক্ষের ভাড়া বাদ দিলে প্রতিটি টিকিটের মূল্য দাঁড়ায় এক হাজার ৩০০ পাউন্ড।