অলিম্পিকের দিন গুনছেন বোল্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ ফুরফুরে মেজাজে আছেন। অনুশীলন, সংবাদ সম্মেলন এমনকি ‘প্রমোশনাল ইভেন্ট’ সবখানেই দেখা মিলছে খোশমেজাজে থাকা উসাইন বোল্টের। লন্ডন অলিম্পিক ঘনিয়ে আসছে। বোল্ট-ভক্তদের মধ্যে একটা শঙ্কার সিঁদুরে মেঘ। বাইরে থেকে দিলখোলা দেখালেও চাপের মধ্যে ‘অতিমানব’ বোল্টও যে গড়বড় করে ফেলতে পারেন, সেটা দেখা গেছে গত বিশ্ব চ্যাম্পিয়নশিপেই। লন্ডন অলিম্পিক কি দেখবে বেইজিংয়ের সেই বজ্রবিদ্যুতের?ট্র্যাকে যেমন ঝড় তুলে নিমেষেই সব শেষ করে দেন, শঙ্কার মেঘগুলোও বোল্ট তাড়িয়ে দিচ্ছেন এক ফুঁৎকারে, ‘মনে রাখতে হবে এটা অলিম্পিক, আমি সেখানে দুর্দান্ত কিছু করে দেখাতে চাই।’ ‘দুর্দান্ত কিছু’ শব্দবন্ধটা হয়তো মনের ভাবটা ঠিকমতো প্রকাশ করতে পারছে না। এ কারণে পরের লাইনেই স্পষ্ট করে দিলেন, ‘বেইজিংয়ে যা করেছি সেটারই পুনরাবৃত্তি করতে চাই। শারীরিকভাবে ভালো অবস্থায় থাকলে কেউ নেই আমাকে লন্ডনে হারায়, এটা নিশ্চিত।’কথার পরতে পরতে ঝরে পড়ছে আত্মবিশ্বাস। দুটি কারণে। মাঝখানের বিরতির পর ট্র্যাকে দারুণভাবে শুরু করেছেন। এ মাসেরই শুরুতে মৌসুমে প্রথম ট্র্যাকে নেমে গড়েছেন মৌসুম-সেরা সময় (৯.৮২ সেকেন্ড)। দ্বিতীয় কারণ আজ চেকপ্রজাতন্ত্রের অস্ট্রাভায় শুরু মিট। এই মিটটি বোল্টের খুবই প্রিয়। ২০০৮ অলিম্পিকের আগেও এখানে ভালো করার আত্মবিশ্বাস নিয়ে বেইজিংয়ে গিয়েছিলেন। তার পর তো বেইজিংয়ে রীতিমতো গড়লেন ইতিহাস। বোল্ট আশাবাদী, প্রিয় এই মিট এবারও খালি হাতে ফেরাবে না তাঁকে।এই মিট দিয়েই এই মৌসুমে ইউরোপীয় ট্র্যাকে প্রথম নামছেন। তবে এখন থেকে যা-ই করুন না কেন, চোখ তাঁর থাকবে লন্ডনেই। বোল্টের কথাতেও ঘুরেফিরে আসছে অলিম্পিক, ‘অবশ্যই সঠিক পথে আছি। ইনজুরি থেকে মুক্ত। অলিম্পিকে সত্যিই দুর্দান্ত ভালো কিছু করতে মুখিয়ে আছি।’ এই চাওয়া পূরণ করতে ঘামও ঝরিয়ে যাচ্ছেন দিনরাত, ‘কঠোর পরিশ্রম করে যাচ্ছি। সবকিছু ভালোয় ভালোয় হচ্ছে। মনোযোগ ধরে রাখার চেষ্টা করছি। জানি, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাব। আমি দ্রুত দৌড়ানোই প্রত্যাশা করি। নিজের কাছে এটা আমারও প্রত্যাশা। নিজের মৌসুমের শুরুটা ধরে রাখতে চাই।’এবারও কি রেকর্ড গড়েই সোনা জয়? বোল্ট জানালেন, প্রথম লক্ষ্য অবশ্যই সোনা। এর পর? ‘নির্দিষ্ট দিনে কী হবে কেউ জানে না’—ঝকঝকে সাদা দাঁতের উজ্জ্বল হাসিই হাসলেন বজ্রবিদ্যুৎ! এএফপি।