অলিম্পিকের নামে অভিনব প্রতারণা
শিমুল চাকমারা এখন দ্বারে দ্বারে ঘুরছেন। কখনো পল্টন থানা, কখনো বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবন। অভিনব এক প্রতারণার শিকার তিনি এবং তাঁর ১৪ জন সঙ্গী!আগামী লন্ডন অলিম্পিকে স্বেচ্ছাসেবক হিসেবে যাওয়ার ফাঁদ পাতা হয়েছিল। তাতে পা দিয়ে এক প্রতারকের কাছে ১৩ লাখ ৯০ হাজার টাকা খুইয়েছেন রাঙামাটি ও খাগড়াছড়ির ১৫ জন আদিবাসী তরুণ-তরুণী। ওই প্রতারক বিওএর নাম ভাঙিয়ে এবং বিওএ ভবন ব্যবহার করে এঁদের প্রতারণার ফাঁদে ফেলেছেন। টাকা হাতিয়ে এখন তিনি ‘নিখোঁজ’।শিমুল চাকমা কাল দুপুরে বিওএ ভবনে গিয়ে বিওএর সিইও কর্নেল (অব.) ওয়ালিউল্লাহর সঙ্গে দেখা করেছেন। এ প্রসঙ্গে ওয়ালি প্রথম আলোকে বলেছেন, ‘ওই লোক যদি বিওএ ভবনে এসে থাকে, তা হলে সিসি ক্যামেরায় সবই ধারণ করা আছে। প্রতারককে ধরতে বিওএ সব রকম সহযোগিতা দেবে।’শিমুল চাকমাদের দেওয়া কাগজপত্রে জন চৌধুরী নিজেকে লন্ডন অলিম্পিকের ‘ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেটর সেকশন-বাংলাদেশ’ হিসেবে দাবি করেছেন। বিওএ ভবনের ঠিকানা উল্লেখ আছে তাতে। বয়স নাকি ৩২-৩৩। ইংরেজিতে দক্ষ। নিজেকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সমন্বয়কারীর পরিচয় দিয়ে এখানে আদিবাসীদের জন্য কাজ করতে এসেছেন বলেও দাবি করেন।প্রতারণার অন্যতম শিকার কিরণ চাকমাকে দেওয়া আমন্ত্রণপত্রে (লন্ডন অলিম্পিকের প্যাডে ফটোকপি) লেখা আছে, লন্ডন অলিম্পিক স্বেচ্ছাসেবক কর্মসূচির আওতায় তাঁদের নেওয়া হচ্ছে। প্রেরক জ্যাকসন ব্রাউন, ডিরেক্টর অব লন্ডন ২০১২ অলিম্পিক গেমস ভলান্টিয়ার প্রোগ্রাম-ইন্টারন্যাশনাল সেকশন।৩৭ বছর বয়সী শিমুল চাকমা জানিয়েছেন, ‘গত ১৭ জানুয়ারি জন চৌধুরী নামের এক লোক আমাকে মুঠোফোনে ফোন করে। জানতে চায় আমি রাঙামাটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক কি না। “হ্যাঁ” বললে জানায়, লন্ডন অলিম্পিকে আদিবাসীদের ভলান্টিয়ার হিসেবে নেওয়ার সুযোগ আছে। চাইলে আমরা যেতে পারি।‘প্রার্থীকে পার্বত্য অঞ্চলের আদিবাসী এবং বৌদ্ধ হতে হবে। এ সংক্রান্ত ডেইলি স্টার পত্রিকায় ছাপা হওয়া একটা বিজ্ঞাপনের ফটোকপি পাঠায়। পরে বুঝেছি, এটা ভুয়া। গেমসের আগে লন্ডনে দুই মাস প্রশিক্ষণ এবং তিন হাজার পাউন্ড দেওয়ার কথাও জানায় সে। আমরা ১৫ জন এতে রাজি হই।’শিমুল আরও বিস্তারিত বললেন, ‘গত ২৪ জানুয়ারি দুপুরে আমাকে বিওএ ভবনে এনে বাইরে দাঁড় করিয়ে রাখে লোকটা। পরদিন আবার বিওএ ভবনে এনে দোতলায় বসিয়ে রাখে। জানায়, সে এখানে কাজ করে। এরপর তৃতীয় তলায় ওঠে। কিছুক্ষণ পর সুমন নামে নিজেকে পরিচয় দিয়ে একজন ওয়ার্ক অর্ডারসহ একটা ফাইল দেয় আমার হাতে। পরপরই ১৫ জনের পাসপোর্ট নেয় ওই প্রতারক। পরে ইংল্যান্ডের ভিসার জাল ফটোকপিও পাঠায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনাপত্তি পত্র নেওয়ার কথা বলে প্রতারক আমাদের সবার কাছে আপাতত এক লাখ টাকা করে চায়। আমরা গত ২৪ ফেব্রুয়ারি এসএ পরিবহন কাকরাইল শাখায় প্রথমে ১০ লাখ, পরে আরও তিন লাখ এবং ২৭ ফেব্রুয়ারি সর্বশেষ আরও ৯০ হাজার টাকা পাঠাই। এর পর থেকে লোকটার ফোন বন্ধ।’এ ব্যাপারে কাল পল্টন থানায় সাধারণ ডায়েরি করেছেন শিমুল। বিওএ ভবনে এসে বিওএর নাম ভাঙিয়ে এমন প্রতারণাকে অভিনবই বলতে হবে। গতকাল বিওএর উপমহাসচিব এ কে সরকার শিমুল চাকমার মুখ থেকে পুরো ঘটনা শুনে বিস্ময় প্রকাশ করেছেন। বিওএর পক্ষ থেকে বিষয়টির সুষ্ঠু তদন্ত করে রহস্য উদ্ঘাটনের সব চেষ্টাই করা হবে বলে জানিয়েছেন তিনি।