অলিম্পিকের পর তাঁরা...
গলায় পদক, মুখে বিশ্বজয়ের হাসি, খবরের কাগজে বড় বড় শিরোনাম। প্রায় দুই সপ্তাহ ধরে পুরো ক্রীড়াবিশ্বই মেতে ছিল পদকজয়ী এই অলিম্পিয়ানদের নিয়ে। হয়তো থাকবে আরও কিছুদিন। কিন্তু এরপর? আর্থিকভাবে খুব কম অ্যাথলেটই এ থেকে লাভবান হবেন। তাঁদের অনেককেই শুধু পদক জয়ের গর্ব নিয়েই কাটাতে হবে দিন। অপেক্ষা করতে হবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ কিংবা আরেকটি অলিম্পিকের জন্য।
মাইকেল ফেল্প্স কিংবা উসাইন বোল্টের মতো যাঁরা মহাতারকা, তাঁদের কথা আলাদা। তাঁরা এরই মধ্যে প্রতিষ্ঠিত কোটিপতি। সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান তাঁদের পণ্যদূত করার জন্য মুখিয়ে তো আছেই। কিন্তু এই সৌভাগ্য আর সবার হবে না। বেশির ভাগ অ্যাথলেটকেই বেগ পেতে হবে একটা ভালো বাণিজ্যিক চুক্তি করার জন্য। কেউ পাবেন, কেউ হয়তো পাবেনই না।
কেন, সেটিরও ব্যাখ্যা আছে ক্রীড়া ও বিনোদন বিপণন প্রতিষ্ঠান লেভারেজ-এর প্রধান নির্বাহী বেন স্টার্নারের কাছে, ‘এঁদের অনেকেই আর দুই-তিন সপ্তাহ পরে সংবাদমাধ্যমের খবরে থাকবেন না। মাস খানেকের মধ্যেই ওঁদের কথা সবাই ভুলে যাবে। আর যাঁদের নিয়ে মাতামাতি হয় না, তাঁদের সঙ্গে প্রতিষ্ঠানগুলো কেন বাণিজ্যিক চুক্তি করবে!’
স্টার্নারের সঙ্গে সুর মিলিয়েছেন আরেকটি ক্রীড়া বিপণন প্রতিষ্ঠান আর্ম-এর ব্যবস্থাপনা পরিচালক ম্যাট ডেলজেল, ‘এই যেমন ধরুন এখন কেটি লেডেকির নামটা যত শোনা যাচ্ছে, আসছে জানুয়ারিতে এর চেয়ে অনেক কম শোনা যাবে। এটাই বাস্তবতা।’
অলিম্পিকের ডামাডোলের মধ্যেই শুরু হয়ে গেছে ইউরোপিয়ান ফুটবল মৌসুম। সপ্তাহ খানেক পরেই শুরু হচ্ছে ইউএস ওপেন টেনিস। মেসি-রোনালদো, ফেদেরার-জোকোভিচ-নাদালদের নিয়ে মাতামাতির মধ্যে কে আর মনে রাখবে লং জাম্পে সোনাজয়ী যুক্তরাষ্ট্রের বারতোলেত্তা তিয়ান্না কিংবা ক্যানো স্প্রিন্টে সোনা জেতা গ্রেট ব্রিটেনের হিথ লিয়ামের নাম! পদকজয়ী এমন বেশির ভাগ অ্যাথলেটই ম্লান হয়ে যাবেন বৈশ্বিক খেলাগুলোর বড় তারকাদের নিয়ে মাতামাতির সামনে।
তাহলে আর্থিকভাবে কি কোনো লাভই হচ্ছে না পদকজয়ী এসব অ্যাথলেটের? তা আছে। বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বস-এর দেওয়া তথ্য অনুযায়ী রিও অলিম্পিকে দেওয়া প্রতিটি সোনার পদকের আর্থিক মূল্য পড়ছে ৫৬৪ ডলার। তবে সেই পদক তো আর কেউ খুব দুর্দিন না এলে বিক্রি করার কথা ভাববেন না। এর বাইরে বিভিন্ন দেশের আলাদা ফেডারেশনগুলো তাদের নিজ নিজ দেশের পদকজয়ীদের জন্য কিছু বোনাস ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের অলিম্পিক কমিটি যেমন সোনাজয়ী প্রতি অ্যাথলেটকে দেবে ২৫ হাজার ডলার, রুপা ও ব্রোঞ্জজয়ীরা পাবেন ১৫ ও ১০ হাজার করে। অন্য অনেক দেশের ফেডারেশনের বেলায় এই অঙ্কটা আরও কম। কোনো কোনো দেশের ফেডারেশন হয়তো সংবর্ধনা ছাড়া আর কিছু দেবেই না।
চার বছর পরে ওই অ্যাথলেটরাই হয়তো আবার দেশের নাম উজ্জ্বল করতে নিজের সর্বস্ব দিয়ে লড়বেন আরেকটি অলিম্পিকে! সূত্র: এলএ টাইমস।