অলিম্পিকের সেই পাঁচ ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অলিম্পিক’—এই শব্দটাই কেন যেন বিশাল কিছুর গল্প বলে। বিশাল কোনো আয়োজন। বিশাল এর ব্যাপ্তি। কেবল খেলাধুলার গণ্ডির মধ্যেই আটকে নেই যার বিশালতা। ১৮৯৬ সালে গ্রিসের এথেন্সে শুরু হওয়া বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় এই আসর যে কত আনন্দ-বেদনার সাক্ষী। ক্যামেরায় ধরা পড়া এমন ৫টি ‘অমর’ ছবি নিয়ে এই আয়োজন...

.
.

হিটলার ও জেসি ওয়েন্স
অ্যাডলফ হিটলার আর তাঁর বর্ণবাদী উগ্র জাতীয়বাদের অন্ধবিশ্বাস‌‌ই পুরো পৃথিবীকে ফেলে দিয়েছিল সর্বগ্রাসী বিশ্বযুদ্ধের মুখে। ১৯৩৬ সালে হিটলারের দেশ জার্মানির বার্লিনে আয়োজিত অলিম্পিকে হিটলারের মুখে চপেটাঘাত হয়ে এসেছিল ‘কালো মানুষ’ জেসি ওয়েন্সের অ্যাথলেটিকস ট্র্যাক বিজয়। যুক্তরাষ্ট্রের এই অ্যাথলেট চারটি সোনা জিতে প্রমাণ করেছিলেন মানুষ পরিচিত তাঁর কর্মে, তাঁর গায়ের রং কিংবা জাতিগত পরিচয়ে নয়।

.
.

তিরন্দাজের মশাল প্রজ্বলন
অলিম্পিকের মশাল সাধারণত স্বাগতিক দেশের একজন বিখ্যাত ক্রীড়াবিদকে দিয়ে জ্বালানো হয়। কিন্তু ১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিকের আয়োজকেরা দারুণ উদ্ভাবনী এক পদ্ধতিতে মশাল জ্বালিয়ে অবাক করে দিয়েছিলেন গোটা বিশ্বকে। একজন তিরন্দাজ আগুন লাগানো তির ছুড়ে জ্বালিয়েছিলেন সেবারের মশাল। আগুন লাগানো তির ছোড়ার সেই দৃশ্যটিও অলিম্পিকের চিরকালীন দৃশ্য হিসেবে সমাদৃত।

.
.

পারফেক্ট ‘১০’ নাদিয়া
১৯৭৬ সালে মন্ট্রিয়ল অলিম্পিকের সবচেয়ে বড় বিস্ময় ছিলেন রোমানিয়ান কিশোরী জিমন্যাস্ট নাদিয়া কোমানেচে। উৎকর্ষের শেষ বলে কিছু নেই—এই চিরায়ত ধারাকে মিথ্যে প্রমাণ করেছিলেন। আনইভেন প্যারালাল বারে নিখুঁত পারফরম্যান্স দেখিয়ে সোনা জিতেছিলেন নাদিয়া। এই ইভেন্টে দশে দশ পেয়েছিলেন ১৪ বছরের জিমন্যাস্ট। ইতিহাসে প্রথম ‘পারফেক্ট টেন’। নাদিয়ার পারফরম্যান্সের ছবিটিও তাই হয়ে ওঠে অলিম্পিকের ‘অমর’ ছবিগুলোর একটি।

.
.

মোহাম্মদ আলীর অলিম্পিক
১৯৬০ সালের রোম অলিম্পিকে বক্সিংয়ে সোনা জিতেছিলেন বিশ্ব ক্রীড়ার সর্বকালের সেরাদের একজন মোহাম্মদ আলী। বর্ণবাদের প্রতিবাদ করতে গিয়ে সেই সোনার পদক ওহিও নদীতে ছুড়ে ফেলেছিলেন আলী। ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত অলিম্পিক গেমসে তাঁর কাঁধে মশাল প্রজ্বলনের দায়িত্ব দিয়ে সম্মান জানিয়েছিল তাঁর দেশ। বর্ণবাদের প্রতিবাদে নিজের অলিম্পিক সোনা বিসর্জন দেওয়া আলী কি তাতে কিছুটা সান্ত্বনা খুঁজে পেয়েছিলেন?

.
.

গ্রেগ লুগানিসের মাথায় আঘাত
১৯৮৮ সালের সিউল অলিম্পিক। ডাইভিং ইভেন্টে লাফ দিয়ে পানিতে পড়ার আগমুহূর্তে ডাইভিং বারে মাথায় আঘাত পান যুক্তরাষ্ট্রের গ্রেগ লুগানিস। টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এই ইভেন্ট দেখে ভয়ে চোখ ঢেকেছিলেন অনেকেই। কিন্তু দৃঢ় মানসিক শক্তির অধিকারী লুগানিস দ্রুতই চিকিৎসা নিয়ে ফিরেছিলেন ডাইভিং বারে। আঘাত নিয়েই নিজের ইভেন্টে জিতেছিলেন রুপা।