নিউইয়র্ক থেকে ঢাকা, বুয়েনস এইরেস থেকে লন্ডন—কোটি কোটি মানুষ সরাসরি, টেলিভিশন পর্দায় কিংবা ওয়েবসাইটে বুঁদ হয়ে ছিল রিও অলিম্পিকে। গ্রহের বৃহত্তম ক্রীড়া প্রতিযোগিতায় এবার মোট দর্শক ছিল ৫০০ কোটি, যেখানে পৃথিবীর জনসংখ্যা প্রায় ৭৫০ কোটি। সম্প্রচারস্বত্ব বিক্রি করে অলিম্পিকে আয় হয়েছে সাড়ে তিন শ কোটি মার্কিন ডলার। অনলাইনেও রিও ছাড়িয়ে গেছে পেছনের আয়োজনকে। রিওর প্রথম চার দিনে অনলাইনে যত দর্শক ছবি দেখেছে, চার বছর আগে পুরো লন্ডন অলিম্পিকেও সেটি হয়নি। শুধু আমেরিকার এনবিসি ওয়েবসাইটে ২২৫ কোটি মিনিটেরও বেশি সরাসরি সম্প্রচার দেখেছে। ২০২০ টোকিও অলিম্পিক সামনে রেখে প্রযুক্তির কিছু পরীক্ষা-নিরীক্ষাও হয়েছে এবার। জাপানের এনএইচকে চ্যানেল পরীক্ষামূলক ব্যবহার করেছে ৮কে ফরম্যাট, যেটি এখনকার এইচডি ছবির চেয়ে ১৬ গুণ বেশি পরিষ্কার। ভার্চ্যুয়াল রিয়্যালিটি প্রযুক্তিও পরীক্ষা করা হয়েছে এই অলিম্পিকে। এএফপি।