অলিম্পিয়ান থেকে 'টারজান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনি ওয়েসমুলার: অলিম্পিক থেকে রুপালি পর্দায়।
জনি ওয়েসমুলার: অলিম্পিক থেকে রুপালি পর্দায়।

কোন নামে পরিচিত হবেন জনি ওয়েসমুলার? যে জায়গাতেই হাত দিয়েছেন সোনা ফলিয়েছেন সেখানেই। এক অলিম্পিকেই তাঁর যে কীর্তি, সেটিই তাঁকে ইতিহাসে অমর করে রাখার জন্য যথেষ্ট ছিল। কিন্তু ওয়েসমুলার তাতেই সন্তুষ্ট হননি। তিনি অভিনেতা হিসেবে নাম করতে চাইলেন। সাঁতার-ক্যারিয়ার শেষ করার পর নামলেন অভিনয়ে। বিশ্বের অন্যতম সেরা কালজয়ী ফ্যান্টাসি চরিত্র টারজানের নাম ভূমিকায় অভিনয় করে বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসেও নিজেকে রাখলেন অমর করে।
অলিম্পিকে পাঁচটি সোনা জিতেছিলেন ওয়েসমুলার। ১৯২৪ সালের প্যারিস অলিম্পিকে ১০০ মিটার ফ্রিস্টাইল, ৪০০ মিটার ফ্রিস্টাইলে জেতেন ব্যক্তিগত সোনা। একই গেমসে তিনি ২০০ মিটার রিলের দলগত ইভেন্টেও যুক্তরাষ্ট্রের সোনাজয়ী দলের সদস্য ছিলেন। প্যারিসেই আবার ব্রোঞ্জ জেতেন দেশের ওয়াটার পোলো দলের হয়ে। চার বছর পর অর্থাৎ ১৯২৮ সালে আমস্টার্ডাম অলিম্পিকে আরও দুটো সোনা জিতে নিজের নাম অমর করে রাখেন ইতিহাসে। আমস্টারডামে ব্যক্তিগত সোনা জেতেন ১০০ মিটার ফ্রিস্টাইলে। অন্যটি রিলের দলগত সোনা।
যুক্তরাষ্ট্রের জাতীয় চ্যাম্পিয়নশিপেও অনন্য সাফল্যের অধিকারী এই ওয়েসমুলার। তিনি সেখানে জিতেছেন ৫২টি পদক। তিনিই প্রথম সাঁতারু, ১০০ মিটার ফ্রিস্টাইলে যাঁর টাইমিং ছিল ১ মিনিটেরও কম। ৪০০ মিটার ফ্রিস্টাইলেও তিনি ৫ মিনিটের কম সময় নিয়ে সে সময় আলোড়ন তুলেছিলেন। বার্তা সংস্থা এপি (অ্যাসোসিয়েটেড প্রেস) ওয়েসমুলারকে বিংশ শতব্দীর প্রথম ভাগের সেরা সাঁতারু হিসেবেও স্বীকৃতি দিয়েছিল।
১৯৩২ সালে বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান মেট্রো গোল্ডউইন মায়ারের (এমজিএম) সঙ্গে চুক্তিবদ্ধ হন। সে বছরই এমজিএম প্রযোজিত চলচ্চিত্র টারজান: দ্য এপ ম্যানে নাম ভূমিকায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। এই ছবি দিয়েই তিনি নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়। টারজানের ভূমিকায় বহু অভিনেতা অভিনয় করলেও ওয়েসমুলার চরিত্রটিকে করে তোলেন আরও জনপ্রিয়। টারজানের সেই বিখ্যাত চিৎকারটি ওয়েসমুলারের মাধ্যমেই প্রথম চিত্রায়িত হয় এবং তাঁর মাধ্যমেই জনপ্রিয়তা অর্জন করে। তিনি এই চিৎকারের মতোই একজন অভিনেতা হিসেবে টারজান চরিত্রে এমন অনেক খুঁটিনাটি যোগ করেন, যা টারজান চরিত্রকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। তিনি টারজানের মোট ১২টি ছবিতে অভিনয় করেন। প্রতিটি ছবিই বক্স অফিসে ঝড় তুলে অভিনেতা হিসেবে তাঁকে নিয়ে যায় খ্যাতির শীর্ষে।