অলৌকিক জয় ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াসিম আকরাম
ওয়াসিম আকরাম

ম্যাচটা হাতের মুঠোয় নিয়েও ছেড়ে দিল বাংলাদেশ। কিন্তু এ রকম স্পিনবান্ধব উইকেটে খেলে ভারতের কী লাভ হচ্ছে? এ রকম উইকেটে লড়াইটা ভালো জমে, প্রতিপক্ষও সুযোগ পায় ভালো করার।
আমি জানি না, এমন উইকেটে খেলার জন্য কারা ভারতকে পরামর্শ দিচ্ছে। আমি তো বাংলাদেশের বিপক্ষে ভারতের জয়টাকে অলৌকিক ছাড়া অন্য কিছু বলতে পারছি না। বাংলাদেশ স্রেফ আত্মহত্যা করেছে। ৩ বলে ৯ রান নেওয়ার পর মাহমুদউল্লাহ, মুশফিকদের মতো অভিজ্ঞরা একেবারেই অপ্রয়োজনীয় শট খেলেছে। আসলে তারা চাপটা নিতে পারেনি।
ভারত জানত যেকোনো দলের বিপক্ষেই, যেকোনো উইকেটেই ১৪৫ রান খুব কম। ওদের ভাগ্যবানই বলতে হয়। দেখুন না, পান্ডিয়া অফ স্টাম্পের বাইরে লেংথ বল করেও বেঁচে গেল। বাংলাদেশের লেজের ব্যাটসম্যানরা স্টাম্প কাভার করে গোটা দুয়েক রান নিতেই পারত। ওটা তো কোনো কোচকে শিখিয়ে দিতে হয় না। লেজের ব্যাটসম্যানদের উচিত ধোনির মতো ব্যতিক্রমী চিন্তা করা। ভারতের ভাগ্য ভালো অফ স্টাম্পের বাইরে পান্ডিয়ার লেংথ বলটা ব্যাটসম্যানকে পরাস্ত করেছে। গ্লাভস খুলে ফেলেও দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন ধোনি। এই জয়টা হয়তো ভারতের ভাগ্য পাল্টে দিতে পারে। যদিও সন্তুষ্ট করার মতো খেলা এখনো খেলতে পারেনি ভারত।
বুমরাকে দিয়ে ১৯তম ওভারটি করানোর সিদ্ধান্তটা কাজে লেগেছে। ভারত যদি পান্ডিয়াকে বল দিত ম্যাচটা ওই ওভারেই শেষ হয়ে যেতে পারত। বুমরা কী দারুণ বোলিংটাই না করল! ইয়র্কারগুলো দেখুন, কত নিখুঁত! চাপ-টাপ সে পাত্তাই দিল না।
তবে পাকিস্তানি ক্রিকেটাররা কিন্তু বেশ চাপে আছেন। আজ ২৫ মার্চ। ১৯৯২ সালে এই দিনেই আমরা বিশ্বকাপ জিতেছিলাম। সেবারের পরিস্থিতি এবারের চেয়েও খারাপ ছিল। কিন্তু ইমরান খানের নেতৃত্বে আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম। তবে ওই দলে মঈন, ইনজি ও আমার মতো হার্ড হিটার ছিল, এবারের দলে আফ্রিদি ছাড়া শেষের ওভারে মেরে খেলার মতো আর কেউ নেই।
আমি জানি পাকিস্তানের সমর্থকেরা হতাশ ও ক্রুদ্ধ। কিন্তু ক্রুদ্ধ হয়ে লাভটা কী? আফ্রিদি তো ২০ বছর ধরেই এমন। সে নিজেদের বদলে ফেলবে এই আশা আপনি কীভাবে করেন? ক্রিকেটারদের জবাবদিহির অনেক জায়গা আছে, কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষ যা করছে সেটা জঘন্য। মানুষ এত নিচু মানসিকতার হয় কী করে? (টিসিএম)