অলৌকিক কিছুর অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ জুন তারিখটি দক্ষিণ আফ্রিকার ইতিহাসে ভয়াবহ শোকের এক দিন। ১৯৭৬ সালের এই দিনে সোয়েটো শহর ফেটে পড়েছিল কালো ছাত্রদের বিক্ষোভে। বিক্ষোভরত ছাত্রদের ওপর রাষ্ট্রপক্ষের হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছিলেন। বর্ণবাদের অবসান হওয়ার পর ১৬ জুন দিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে পালন করে দক্ষিণ আফ্রিকা সরকার।এত বছর পর সেই ১৬ জুন আরেকটা দুঃখের মুখোমুখি করে দিল দক্ষিণ আফ্রিকাকে। প্রথম পর্ব পার হওয়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপ শুরু করেছিল স্বাগতিকরা। কিন্তু গত পরশু, ১৬ জুন উরুগুয়ের বিপক্ষে বড় হারে অনেকটাই নিশ্চিত হয়ে গেল তাদের বিদায়।এর আগে চারটি দলের কোচ হিসেবে পাঁচবার বিশ্বকাপে আসার অভিজ্ঞতা আছে কার্লোস আলবার্তো পাহেইরার। ব্রাজিলকে নিয়ে যেমন ১৯৯৪ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা আছে; তেমনই কুয়েত, আরব আমিরাত ও সৌদি আরবকে নিয়ে প্রথম পর্ব থেকে বিদায় নেওয়ার অভিজ্ঞতাও আছে। কোনো কিছুই তাঁর জন্য নতুন না।কিন্তু এবারের ব্যাপারটা পাহেইরার জন্য একটু নতুন ছিল। এর আগে ‘ছোট’ দল নিয়ে যখন বিশ্বকাপে এসেছেন, কারও ওপর তেমন প্রত্যাশার চাপ ছিল না। এবার দক্ষিণ আফ্রিকা পারবে না, এটা বুঝেও দুনিয়ার সবাই বিশাল একটা আশার বোঝা চাপিয়ে দিয়েছিল পাহেইরার ঘাড়ে—আফ্রিকানদের স্বপ্ন টিকিয়ে রাখতে দ্বিতীয় পর্বে যেতে হবে। পাহেইরা নিজেই বলেছিলেন, রাস্তাঘাটে লোকজন ডাক দিয়ে বলত—কোচ, আমাদের স্বপ্নপূরণ করো।সঙ্গে যুক্ত হয়েছিল ইতিহাসের ধারাবাহিকতা রক্ষার চাপ। এর আগে কোনো বিশ্বকাপের স্বাগতিকরা প্রথম পর্ব থেকেই বিদায় নেয়নি। ফলে বিশ্বকাপের ‘সম্মান’ ধরে রাখার একটা দায়ও চেপে বসেছিল পাহেইরার দলের ঘাড়ে। উদ্বোধনী ম্যাচ দেখে মনে হলো পাহেইরার দল এই চাপটা উতরে যেতে পারে। মেক্সিকোর সঙ্গে ড্র করে (১-১) খানিকটা আশা জাগিয়েছিলেন শাবালালারা। কিন্তু পরশু উরুগুয়ের বিপক্ষে ৩-০ গোলে হেরে আফ্রিকান স্বপ্নকে ধূলিস্যাৎ করে দিল দক্ষিণ আফ্রিকা। এখন দ্বিতীয় পর্বের স্বপ্নটা বিশ্বকাপ জেতার মতোই দূরের একটা ব্যাপার। হ্যাঁ, কাগজ-কলমে একটা সম্ভাবনা আছে বৈকি। শেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে জিতলে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় পর্বে যাওয়া হয়তো সম্ভব। সেই স্বপ্ন নিয়েই ব্লুমফন্টেইনে খেলতে নামবেন স্টিভেন পিয়েনাররা, সেই স্বপ্ন নিয়েই মাঠে আসবেন আফ্রিকানরা। কিন্তু এসব ‘অলৌকিক’ স্বপ্ন কি বাস্তবের মুখ দেখবে! ওয়েবসাইট।