অলৌকিক কিছুর প্রত্যাশায় আইভরিকোস্ট
প্রথম রাউন্ড থেকে আইভরিকোস্টের বিদায় প্রায় নিশ্চিতই বলা যেতে পারে। যদিও কাগজে-কলমে এখনো দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ আছে, কিন্তু বাস্তবতা অন্য রকম। দ্বিতীয় রাউন্ডে ওঠার পথটা অনেকটাই কণ্টকাকীর্ণ মনে হচ্ছে ‘দি এলিফেন্ট’দের কাছে। অনেকগুলো যদির ওপর ঝুলে আছে আইভরি কোস্টের দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন। প্রথমত, পর্তুগালকে হারতে হবে ব্রাজিলের সঙ্গে। দ্বিতীয়ত, পর্তুগালের মতো বিশাল ব্যবধানে উত্তর কোরিয়াকে হারাতে হবে তাদের।এত ‘যদি’ আর ‘কিন্তু’কে পেরিয়ে দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন যে আইভরিয়ান খেলোয়াড়দের কাছেও কঠিন ঠেকছে। সেটা বোঝা গেল দলের রক্ষণভাগের খেলোয়াড় আর্থার বোকার কথা থেকেই, ‘আইভরিকোস্টের দ্বিতীয় রাউন্ডে যাওয়াটা হবে অলৌকিক একটি ঘটনা।’তারপরেও সবকিছু ঈশ্বরের হাতে ছেড়ে না দিয়ে নিজেদের কর্মযোগ নিয়েও সচেতনতা ঝরে পড়ল বোকার কণ্ঠে। বোকার মতে, ‘উত্তর কোরিয়াকে পর্তুগাল যদি ৭ গোলে হারাতে পারে, তাহলে আমরা পারব না কেন?’ তবে তিনি মনে করেন, ব্যাপারটি কঠিন। পর্তুগালের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলতে গিয়ে উত্তর কোরিয়া যেমন দুর্দশার মুখোমুখি হয়েছে, আইভরিকোস্টের বিপক্ষে কোরীয়রা নিশ্চয়ই ব্যাপারটি নিয়ে সতর্ক থাকবে। বোকা মনে করেন, আইভরিকোস্টকে একটি চরম রক্ষণাত্মক উত্তর কোরিয়া দলেরই মুখোমুখি হতে হবে। এর পাশাপাশি আগামীকালের ব্রাজিল-পর্তুগাল ম্যাচ নিয়েও প্রার্থনায় বসতে হচ্ছে দ্রগবাদের। সে ম্যাচে পর্তুগালের হার যে আইভরি কোস্টের প্রথম চাওয়া।