অলৌকিকের প্রত্যাশায় ইংলিশ গণমাধ্যম

১৯৬৬ সালের ফাইনালে হ্যাটট্রিক করে ইংল্যান্ডকে বিশ্বকাপ শিরোপা জিতিয়েছিলেন জিওফ হার্স্ট। কিন্তু এবারের বিশ্বকাপের আগে ইংল্যান্ডের সর্বনাশটা হয়েছে এই কিংবদন্তির হাত দিয়েই। বিশ্বকাপ ড্রয়ের ভাগ্যপরীক্ষায় হার্স্টই ঘোষণা করেছিলেন ইংল্যান্ডের দুর্ভাগ্য।
‘ডি’ গ্রুপে আগেই জায়গা করে নিয়েছিল ইতালি, উরুগুয়ে আর কোস্টারিকা। শেষ দল হিসেবে হার্স্ট যখন ইংল্যান্ডের নামটা পড়লেন, তখনই মাথায় হাত দিয়েছিলেন ইংল্যান্ডের সমর্থকেরা। প্রথম রাউন্ড থেকে বিদায়ের আশঙ্কাটাও হয়তো তখনই চেপে বসেছিল ইংলিশ সমর্থকদের মনে।
শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হওয়ার পথে। ১৯৫৮ সালের পর প্রথমবারের মতো গ্রুপ পর্ব থেকেই বিদায়ের মুখোমুখি ইংলিশরা। প্রথম ম্যাচেই ২-১ গোলে হারিয়ে ধাক্কাটা দিয়েছিল চারবারের শিরোপাজয়ী ইতালি। আর গতকাল একই ব্যবধানে হারিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ-স্বপ্ন প্রায় শেষই করে দিয়েছে উরুগুয়ে। এখন অলৌকিক কিছু ঘটলেই কেবল দ্বিতীয় রাউন্ডের টিকিট পেতে পারে ইংল্যান্ড। ইংলিশ গণমাধ্যমও সরগরম হয়েছে সেই অলৌকিক প্রত্যাশায়।
ডেইলি এক্সপ্রেস পত্রিকার শিরোনাম ছিল: ‘সুয়ারেজে বিধ্বস্ত ইংল্যান্ড’। নিচেই মোটা হরফে লেখা হয়েছে, ‘হজসনের ছাত্রদের এখন অলৌকিক কিছুই রক্ষা করতে পারে’। মিরর পত্রিকার সুরটাও ছিল একই রকম, ‘সুয়ারেজ-নৃশংসতার পর এখন থ্রি লায়নদের অলৌকিক কিছুই দরকার’। ডেইলি স্টার পত্রিকায় স্থান পেয়েছে রিও ডি জেনিরোর সেই দুহাত বাড়ানো যিশুর মূর্তি। সঙ্গে লেখা হয়েছে, ‘আমাদের এখন দরকার অলৌকিক কিছু।’ দ্য সান পত্রিকায় ছাপানো হয়েছে ওয়েইন রুনির ছেলে কাইয়ের কান্নার ছবি। পাশে লেখা হয়েছে, ‘কেঁদো না কাই। ইতালি যদি কোস্টারিকাকে হারায়, সুয়ারেজের উরুগুয়ে যদি ইতালির কাছে হারে আর তোমার বাবা যদি কোস্টারিকার বিপক্ষে বেশ কয়েকটা গোল করতে পারে, তাহলে আমরা পরের রাউন্ডে যেতে পারব।’
হ্যাঁ, ইংল্যান্ডের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সমীকরণটা এখন এরকমই কঠিন। ইতালিকে জিততে হবে দুটি ম্যাচ। আর ইংল্যান্ডকে কোস্টারিকার বিপক্ষে জিততে হবে বেশ বড় ব্যবধানে। তাহলে গোল ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় রাউন্ডের টিকিট পেতেও পারে থ্রি লায়নসরা। কিন্তু রুনি-জেরার্ডরা তেমন কিছু করতে পারবেন বলে আশা নেই ডেইলি মেইলের ক্রীড়া সাংবাদিকের। পত্রিকাটির প্রতিবেদনে লেখা হয়েছে, ‘বিশ্বকাপ ইতিহাসে ইংল্যান্ডই হবে প্রথম দল, যে দল প্রথম দুটি ম্যাচ হেরেও পরের রাউন্ডে যেতে পেরেছে। কিন্তু এটা হয়তো হবে না। কারণ ইংল্যান্ড জিততে পারবে—এর কোনো গ্যারান্টি নেই। এমনকি কোস্টারিকার বিপক্ষেও।’
২০০৬ সাল থেকেই ইংল্যান্ড যেন হাঁটছে উল্টোপথে। সেবার ইংল্যান্ড বিদায় নিয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে। ২০১০ সালে ইংলিশদের বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছিল দ্বিতীয় রাউন্ডে। আর এবার হয়তো ফুটবলের জনকেরা থেমে যেতে পারে প্রথম রাউন্ডেই।