অল্প কথার সাকিব !

নিস্পৃহ একটা ভাব নিয়ে সংবাদ সম্মেলনে এলেন সাকিব আল হাসান। চোখেমুখে দুষ্টুমির আভা। নিজের দিকে উড়ে যাওয়া প্রথম প্রশ্নটিরই উত্তর দিলেন এক কথায়, ‘না, একদমই না।’ প্রশ্নটি ছিল বোলিংয়ে তাঁর ছন্দে ফেরার বিষয়টি নিয়ে। এক কথার উত্তরে প্রশ্নকর্তা সাংবাদিকও যেন হতাশ। তাঁর হতাশা কাটাতেই উচ্চারণ করলেন আরও কয়েকটা শব্দ, ‘ছন্দে ফেরা না-ফেরা নিয়ে একেবারেই ভাবিনি।’
উত্তরটা সাকিব রসিকতা করেই দিয়েছেন সেটা বোঝা গেল সংবাদ সম্মেলনের একেবারে শেষে। গম্ভীর হয়েই বললেন, ‘আজ নিজের পারফরম্যান্সে আমি খুশি।’
সাকিব আল হাসানের সংবাদ সম্মেলন এমনই। খুব সংক্ষেপেই সবকিছু সারতে চান তিনি। তবে এর মধ্যেও বলে ফেলেন বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা। এই যেমন বললেন, ‘এই উইকেটে ৩০০-৩৫০ রান খুব ভালো স্কোর।’ এই উইকেটে নিউজিল্যান্ডকে ৩০০ রান বা তাঁর নিচে শেষ করে দিতে পারলে বাংলাদেশের সম্ভাবনা আছে বলেও মতামত তাঁর।
তার মানে বেরসিক বৃষ্টি বাদ সাধলেও ম্যাচে খুব ভালোভাবেই আছে বাংলাদেশ। সাকিবও ইঙ্গিতে এমন কিছুই বললেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো কাল খেলা শুরু হলে খুব দ্রুতই টেলর আর উইলিয়ামসনকে ফিরিয়ে দিতে হবে। এই দুই ব্যাটসম্যানকে ফেরাতে পারলে সুবিধা হবে নিউজিল্যান্ডকে চাপে ফেলতে।’
উইকেটে স্পিন ধরছে কি ধরছে না, এসব নিয়ে এখনই ভাবতে চান না সাকিব। তবে এটা জানালেন, এই উইকেটে যে স্পিন বেশ ভালোভাবেই ধরবে সেটা তাঁরা জেনেছেন মাঠকর্মীদের কাছ থেকেই। তবে তাঁর অভিমত, ‘এখনই এই উইকেটে যে খুব স্পিন ধরছে, সেটা বলা যাবে না। কালকের দিনটা গড়ানোর পরই উইকেট কঠিন হতে থাকবে। তখন ব্যাট করাটা দুই দলের জন্যই কঠিন হয়ে যাবে।’
মিরপুরে দুই দিনের বেশির ভাগ সময়ই রাজত্ব করল বৃষ্টি। তার পরও এই টেস্টে ফলাফল আসাটা খুবই সম্ভব বলে মনে করেন সাকিব, ‘বাকি তিন দিন খেলা মাঠে গড়াতে পারলে ফল আসবে। পরিস্থিতি এখনো ফলের অনুকূলেই আছে।
নিজের তৃতীয় উইকেটটির ৯০ ভাগ কৃতিত্বই রুবেল হোসেনের। ডিপ স্কয়ার লেগে রুবেলের ওই ক্যাচটা ছিল দারুণ দৃষ্টিসুখ-জাগানিয়া। ক্যাচটি নিয়ে মন্তব্য করতে বলায় আবারও সংক্ষিপ্ত তাঁর খোলসে সাকিব, ‘খুব ভালো ক্যাচ।’ এবার তাঁর অভিব্যক্তি একটু অদ্ভুত। যেন অমন ক্যাচ প্রতিদিনই ধরেন রুবেল ও অন্যরা।