অল্প কিছু টাকা বনাম 'বোকা বোকা' স্বপ্ন

>
- ৩০ এপ্রিল জিম্বাবুয়ের হারারেতে শুরু হবে ডেইরিবোর্ড স্কুল রাগবি ফেস্টিভ্যাল
- সেখানে অংশগ্রহণ করার কথা রয়েছে শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজের
- অর্থাভাবে তাদের অংশগ্রহণ নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা
সকালের সূর্যটা তেজ ছড়িয়ে যাচ্ছে। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা দায়। অসহ্য গরমকে বুড়ো আঙুল দেখিয়ে অতিপরিশ্রমী খেলা হিসেবে পরিচিত রাগবি অনুশীলন করে যাচ্ছে একঝাঁক কিশোরী। তাদের মনোবল ও স্বপ্নের কাছে এই সূর্যের তেজ যেন খুব সামান্যই! কিন্তু মেয়েগুলোর স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে টাকা।
৩০ এপ্রিল থেকে জিম্বাবুয়ের রাজধানী হারারেতে শুরু হবে ডেইরিবোর্ড স্কুল রাগবি ফেস্টিভ্যাল। প্রায় ৪০টি দেশের রাগবি উৎসবে অনূর্ধ্ব-১৭ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কথা রয়েছে শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ। রাগবি খেলাটাই বাংলাদেশের মানুষের কাছে অচেনা। ব্যতিক্রমী এই খেলা বেছে নিয়েছে, তা-ও আবার বাংলাদেশের মেয়েরা। প্রথমবারের মতো বাংলাদেশের মেয়েরা রাগবির দল নিয়ে যেতে চাইছে বিদেশে। কিন্তু অর্থাভাবে স্বপ্নটা এখন অনিশ্চয়তার পথে।
জিম্বাবুয়ে সফরে আয়োজকদের পক্ষ থেকে ব্যবস্থা আছে শুধু থাকা-খাওয়ার। যাওয়া-আসার ব্যবস্থা নিজেদেরই করতে হচ্ছে। যার জন্য প্রয়োজন প্রায় ২০ লাখ টাকা। স্কুল তহবিল থেকে ব্যবস্থাও নাকি করা হবে অর্ধেক খরচের। কিন্তু বাকি অর্ধেক, অর্থাৎ প্রায় ১০ লাখ টাকা জোগাড় করা নিয়েই দুশ্চিন্তা। এর জন্য দলের সদস্যরা হন্যে হয়ে খুঁজছেন পৃষ্ঠপোষক। ১০ লাখ অনেকের কাছেই বিশাল পরিমাণের টাকা। আবার বাংলাদেশে এমন অনেক বড় প্রতিষ্ঠান আছে, যাদের কাছে এই টাকা অল্প কিছুই।
বিদেশের মাটিতে প্রথমবারের মতো খেলার জন্য প্রায় দুই মাস হাড়ভাঙা পরিশ্রম করেছে মেয়েরা। কিন্তু শেষবেলায় এসে যদি না যাওয়া যায়, এ নিয়েই কোচ সিরাজুল ইসলামের কষ্ট, ‘মেয়েরা অনেক পরিশ্রম করেছে দেশের হয়ে ভালো কিছু করার জন্য। কিন্তু টাকার অভাবে এখন যাওয়া নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। না যেতে পারলে মেয়েদের মনোবল ভেঙে যাবে।’
এই মেয়েরা জিম্বাবুয়ের টুর্নামেন্টটিতে খেলতে পারলে বাংলাদেশ অনেক লাভবান হতো বলে মনে করেন রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী, ‘আমাদের মেয়েদের দল নেই বলে আন্তর্জাতিক ফেডারেশনের চাপ আছে। আনোয়ার গার্লস কলেজ জিম্বাবুয়ে যেতে পারলে বাইরের দেশগুলোর সঙ্গে পরিচয় হবে। এতে ভবিষ্যতে বাংলাদেশ লাভবান হতো।’ শুধু মেয়েদের দল নেই বলেই আন্তর্জাতিক রাগবি ফেডারেশনের পূর্ণ সদস্যপদ পায়নি বাংলাদেশ, জানান মৌসুম।
আনোয়ার গার্লস কলেজের মেয়েরাই সর্বশেষ জাতীয় রাগবি প্রতিযোগিতায় কিশোরগঞ্জের হয়ে খেলে হয়েছে রানার্সআপ। কলেজ রাগবিতে তারাই হয়ে উঠেছে বাংলাদেশের প্রতীক। এরই ধারাবাহিকতায় বিদেশের মাটিতে বাংলাদেশকে পরিচিত করার জন্যও করে যাচ্ছে কঠোর পরিশ্রম। এমনিতে অপ্রচলিত একটি খেলা বেছে নেওয়ার দুঃসাহস তারা দেখিয়েছে। এর জন্য আশপাশ থেকে কম বাঁকা চাহনি সহ্য করতে হয়নি। তাদের স্বপ্ন অনেকের কাছেই মনে হতে পারে বোকা বোকা। কিন্তু সব জয় করে আজ যখন প্রথমবারের মতো বিদেশে খেলার স্বপ্ন তাদের, সে সময়ই বাধল বিপত্তি।
মেয়েগুলো মন খারাপ করে ঘুরে বেড়াচ্ছে। এখানে-ওখানে নিজেরাও চেষ্টা-তদবির করছে। সব দেখে কোচ সিরাজুল ইসলামের খারাপ লাগে। তিনি শুধু আশা দিয়ে যাচ্ছেন, নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে রাখতে বলছেন। কেউ না কেউ পাশে দাঁড়াবে ঠিকই। এ-ই তাদের শেষ আশা।