অল্পের জন্য সিলেটের ক্রিকেটারদের রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেল জাতীয় ক্রিকেট লিগের সিলেট বিভাগীয় দল। কাল ভোর পাঁচটার দিকে সিলেট দলের খেলোয়াড়দের বহন করা বাস ভৈরবের কাছে একটি সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। পরে রেলিংয়ে আটকে যাওয়া বাস থেকে কোনো রকমে নেমেছেন খেলোয়াড়-কর্মকর্তারা।দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে চরম ভোগান্তিতে পড়েছে সিলেট দল। গত পরশু বিকেল সাড়ে পাঁচটায় রংপুর থেকে রওনা দিয়ে কাল সন্ধ্যা পর্যন্তও তারা সিলেট পৌঁছাতে পারেনি। বাসে থাকা সিলেট দলের অধিনায়ক অলক কাপালি কাল সন্ধ্যায় টেলিফোনে বলেছেন, ‘দুর্ঘটনার ঘণ্টা খানেক পর অন্য যাত্রী নিয়ে আসা হানিফ এন্টারপ্রাইজের আরেকটি বাস লাগেজপত্রসহ আমাদের উজানভাটি এলাকায় পৌঁছে দেয়। সেখানেই একটা রেস্টুরেন্টে বসে আছি এখনো। হরতালের পর আবার সিলেটের উদ্দেশে রওনা দেব।’দুর্ঘটনা ঘটেছে ভৈরব সেতুর আগে অন্য একটি সেতুর ওপর। এর কারণ হিসেবে কুয়াশার কথাই বলেছেন অলক, ‘ব্রিজের ওপর একটা নষ্ট ট্রাক দাঁড়িয়েছিল। সেটা দেখতে না পেয়েই সম্ভবত চালক দুর্ঘটনা ঘটিয়েছেন। তবে চালক আমাদের বলেছেন, উল্টো দিক থেকে হঠাৎ একটা লরি এসে পড়ায় এটা হয়েছে।’কাল হরতাল থাকায় খেলোয়াড়েরা চেয়েছিলেন ভোরের আগেই সিলেট পৌঁছে যেতে। সে জন্য রংপুর ক্রিকেট গার্ডেনে ঢাকা মহানগরের বিপক্ষে জাতীয় লিগের ম্যাচ শেষে পরশু বিকেলেই রওনা হয়ে গিয়েছিলেন সিলেটের ক্রিকেটাররা।