অশান্তির আগুন রিয়াল-বার্সায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীর্ষে থাকা বার্সেলোনার গা ঘেঁষেই আছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লিগ মাত্রই মাঝরেখা পেরিয়েছে। সামনে অনেক সময়। বার্সার অন্তত আপাতত দুশ্চিন্তা করার কিছু নেই, এখনই হতাশ হওয়ার কোনো কারণ নেই রিয়াল মাদ্রিদেরও। তবু রিয়াল-বার্সায় অশান্তির আগুন।অবশ্য এই আগুন পয়েন্ট তালিকার আগে-পেছনে থাকার জন্য নয়। রিয়ালে আগুন লেগেছে কোচ হোসে মরিনহোকে নিয়ে। আর বার্সেলোনার ঝামেলার কারণ দানি আলভেজ। স্পেনের সংবাদমাধ্যমের খবর—মরিনহোর সঙ্গে লেগে গেছে ভালদানোর । আর সেটা লেগেছে করিম বেনজেমাকে কেন্দ্র করে। রেগেমেগে মরিনহো বলে দিয়েছেন, এই মৌসুম শেষেই রিয়াল ছেড়ে দেবেন।রিয়াল মাদ্রিদে ঝামেলার সূত্রপাত সেই গঞ্জালো হিগুয়েইন ইনজুরিতে পড়ার পর থেকেই। আর্জেন্টাইন স্ট্রাইকার লম্বা সময়ের জন্য চোটে পড়ার পরই কর্তৃপক্ষকে নতুন স্ট্রাইকার কেনার প্রস্তাব দিয়েছেন। কিন্তু ক্লাবের মহাব্যবস্থাপক হোর্হে ভালদানো তাঁকে পরামর্শ দিয়েছেন করিম বেনজেমাকে রোনালদোর সঙ্গে নিয়মিত খেলানোর। কিন্তু মরিনহোর কথা, বেনজেমা তাঁর প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেন না।এই নতুন স্ট্রাইকার কেনা নিয়ে তর্ক-বিতর্কের মধ্যেই স্প্যানিশ লিগের সর্বশেষ ম্যাচে আলমেরিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে বসে রিয়াল। এদিনও বেনজেমাকে প্রথম একাদশে খেলাননি মরিনহো। এ নিয়েও নাকি মরিনহোর ওপর রেগে গিয়েছিলেন ভালদানো। রিয়াল মাদ্রিদের সাবেক আর্জেন্টাইন তারকা এটাকে আখ্যা দিয়েছেন ‘বেনজেমার ওপর মরিনহোর অবিচার’ বলে।মরিনহো বিষয়টিকে ভালোভাবে নেননি। রেগেমেগে রিয়ালই ছেড়ে দেওয়ার কথা বলেছেন তিনি। সংবাদমাধ্যম আভাস দিয়েছিল সে রকমই। কিন্তু পরশু কিংস কাপে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর ভালদানো বলেছেন, ‘সংবাদমাধ্যমে এই কদিন অনেক কিছুই লেখা হয়েছে। এগুলোর কোনো মানে নেই। মরিনহোর সঙ্গে আমার কিছু হয়নি। আমাদের মধ্যে নিয়মিত কথা হয়। বার্তা চালাচালিও হচ্ছে। রোববারের পর আমরা একসঙ্গে ডিনারও খেয়েছি।’ভালদানো পরিস্থিতি শান্ত করতে যতই ‘সব ঠিক আছে’ বলছেন, তবে অশান্তির আগুন ভালোভাবেই ছড়িয়ে পড়েছে বলে মনে হয়। অন্তত মরিনহোর কথায় তা-ই মনে হয়। রিয়াল ছেড়ে যাওয়ার ব্যাপারে তিনি মনে হয় পাকাপাকি সিদ্ধান্তই নিয়ে ফেলেছেন। ‘আমি এই মৌসুমের শেষ পর্যন্তই থাকতে চাই। ফুটবলে আপনার ১০ বছরের চুক্তি থাকতে পারে, কিন্তু এটা কোনো ব্যাপারই নয়। ক্লাবের সবাই খুশি থাকলেই কোচ থাকে। আর না হলে কোচ চলে যায়’—এ মৌসুমেই রিয়ালের সঙ্গে চার বছরের চুক্তি করা মরিনহো বলেছেন কথাটি।বার্সেলোনায় দানি আলভেজকে নিয়ে সমস্যাটাও প্রায় একই ধরনের। বার্সেলোনার সঙ্গে এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারের চুক্তি শেষ হবে জুনের শেষে। বার্সেলোনা তাঁকে চুক্তি বাড়ানোর প্রস্তাব দিয়েছে। কিন্তু অজ্ঞাত অভিমানে চুক্তি বাড়াতে চাইছেন না আলভেজ।স্পেনের সংবাদমাধ্যম যা লিখেছে, তাতে মনে হয়, বেতন বাড়ানো নিয়ে বার্সেলোনার গড়িমসিই এর কারণ! আলভেজের সঙ্গে চুক্তি নিয়ে কথা বলার প্রথম দিকে নাকি বেতন বাড়ানোর কথা বলেনি বার্সা। স্প্যানিশ দৈনিক এএস-এর প্রতিবেদন অনুযায়ী, পরে আলভেজের বেতনও কার্লোস পুয়োলদের সমান করে দেওয়ার কথা বলেছে বার্সা। তবে আলভেজের মনের দাগটি হয়তো এতেও মোছেনি। এএফপি, ওয়েবসাইট।