অশ্বিন ৭, অস্ট্রেলিয়া ৩৮০
চেন্নাই টেস্টের প্রথম দিনই বল হাতে জ্বলে উঠেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার প্রথম ছয় ব্যাটসম্যান ফিরেছিলেন অশ্বিনের ঘূর্ণিতে দিগভ্রান্ত হয়ে। অসিদের প্রথম ইনিংসের ইতিও ঘটল ওই অশ্বিনের ঘূর্ণিতে। অস্ট্রেলিয়াকে চার শর নিচে বেঁধে রাখল ভারত অশ্বিনের সাত উইকেটের জোরেই। মাইকেল ক্লার্কের ১৩০ রানের অধিনায়কোচিত ইনিংসটি অস্ট্রেলীয়দের মান বাঁচিয়েছে কেবল। ৭ উইকেটে ৩১৬ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। অষ্টম উইকেটে ৫৪ রানের ধৈর্যশীল জুটি গড়ে বড় সংগ্রহের দিকেই এগিয়ে যাচ্ছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মাইকেল ক্লার্ক ও পিটার সিডল। দিনের ১৫তম ওভারে ক্লার্কের উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দেওয়ার কাজটি ত্বরান্বিত করেন রবীন্দ্র জাদেজা। এক ওভার পর সিডলকে সাজঘরমুখী করেন শততম টেস্ট খেলতে নামা হরভজন সিং। শেষ ব্যাটসম্যান নাথান লায়নকে আউট করে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ৩৮০ রানের বেশি যেতে দেননি অশ্বিন। ৪২ ওভার বল করে ১০৩ রান দিয়ে সাত উইকেট নিয়ে চেন্নাইয়ের প্রথম দুই দিনের নায়ক এই অফস্পিনারই।