অশ্বিনের প্রেরণা কুম্বলে
অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে নেমেছিলেন ভারতের অন্যতম সেরা অফস্পিনার হরভজন সিং। কিন্তু তাঁর মঞ্চে গতকাল জ্বলে ওঠেন আরেক অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। দুর্দান্ত বোলিং করে চেন্নাই টেস্টের প্রথম দিনে ছয়টি উইকেট শিকার করেছেন এই ডানহাতি অফস্পিনার। অস্ট্রেলিয়ার প্রথম ছয়জন ব্যাটসম্যানই সাজঘরে ফিরেছেন অশ্বিনের শিকারে পরিণত হয়ে। সেই সময় অনেকেরই হয়তো মনে পড়ে গিয়েছিল অনিল কুম্বলের ১০ উইকেট শিকারের কথা। অশ্বিন নিজেও স্বীকার করেছেন, কুম্বলের সেই ‘পারফেক্ট ১০’-এ তিনিও অনুপ্রাণিত হয়েছিলেন।চেন্নাই টেস্টের প্রথম দিনে ৩০ ওভার বল করে ৮৮ রানের বিনিময়ে ছয়টি উইকেট শিকার করেছেন রবিচন্দ্রন অশ্বিন। দিনের খেলার একেবারে শেষপর্যায়ে একটি উইকেট পেয়েছেন আরেক অফস্পিনার রবীন্দ্র জাদেজা। ফলে এই দফায় এক ইনিংসের ১০টি উইকেটই শিকার করার সম্ভাবনা শেষ হয়ে গেছে অশ্বিনের। তবে সেই বিস্ময়কর সাফল্য অর্জনের কথা যে চিন্তা করেছিলেন, সেটা অকপটে স্বীকার করেছেন অশ্বিন। তিনি বলেছেন, ‘কুম্বলের ১০ উইকেট শিকারের বিস্ময়কর রেকর্ডটির কথা আমি চিন্তা করিনি, এটা বললে মিথ্যা বলা হবে। যেভাবে সবকিছু হচ্ছিল, তাতে আমার মনে হয়েছিল যে এটা সত্যিই সম্ভব। কিন্তু এরই মধ্যে আঙুলে খানিকটা চোট পেয়ে আমাকে মাঠের বাইরে যেতে হয়। এ সময়ই পরিস্থিতি বদলে যায়।’এত সাফল্যের মধ্যেও খানিকটা আক্ষেপ রয়ে যেতে পারে রবিচন্দ্রন অশ্বিনের। অস্ট্রেলিয়ার পক্ষে গতকাল প্রায় একাই লড়াই চালিয়েছেন অধিনায়ক মাইকেল ক্লার্ক। চমত্কার এক শতকের ইনিংস খেলে এখনো অপরাজিত এই ডানহাতি ব্যাটসম্যান। তবে ব্যক্তিগত ৩৯ রানের মাথায় আম্পায়ারের ভুল সিদ্ধান্তের কারণে সাজঘরে ফিরে যাওয়া থেকে বেঁচে যান। অশ্বিনের বলে ক্যাচের জোরালো আবেদন জানিয়েছিলেন ভারতীয় ফিল্ডাররা। কিন্তু সেই আবেদনে সাড়া দেননি আম্পায়ার। পরে টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, আসলে সেটি আউটই ছিল। তবে এখন এটা নিয়ে ভেবে অফসোস করতে চাইছেন না অশ্বিন। এড়িয়ে যেতে চাইছেন ডিআরএস পদ্ধতির বিতর্কও। তিনি বলেছেন, ‘আমি নিশ্চিত ছিলাম, এটা ক্যাচ। কিন্তু ক্রিকেটে এ রকম হতেই পারে। আর যদি এখানে ডিআরএস পদ্ধতি চালুও থাকত, তাহলেও এ রকমটা ঘটতে পারত। যদি আমাদের রিভিউর কোটা শেষ হয়ে যেত, তাহলে কী হতো?’ টাইমস নিউজ নেটওয়ার্ক।