অশ্বিনের ম্যাচে সেরা ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে ইনিংস পরাজয় এড়ানো, পরে ম্যাচ পঞ্চম দিনে টেনে আনা। শেষের প্রতিরোধ পর্ব বাড়িয়ে দিয়েছিল স্বপ্নের পরিধি। ময়েজেস হেনরিকেস ছিলেন ‘অলৌকিক’ কিছুর আশায়। এই চিপকে দুই দলের মহানাটকীয় সব ম্যাচ দেখেছে ক্রিকেটবিশ্ব। কিন্তু এবার আর তেমন কিছু হলো না। তৃতীয় দিন শেষেই অনেকটা পরিষ্কার হয়ে যাওয়া চিত্রটায় কাল শেষ তুলির আঁচড় দিল ভারত। মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং তাণ্ডবে মোড় ঘুরে যাওয়া ম্যাচ শেষ হলো শচীন টেন্ডুলকারের দুটি শটের দ্যুতিতে। ৫০ রান তাড়া করতে নেমেও আবার ব্যর্থ ভারতের উদ্বোধনী জুটি। লায়নকে ছয় মারার পর প্যাটিনসনকেও তুলে মারতে গিয়ে আউট মুরালি বিজয়। চশমা চোখে প্রথম টেস্টে শেবাগ ব্যর্থ আরেকবার। লায়নের সোজা বলে স্লিপে ক্যাচ। জয়ের জন্য ভারতের তখন প্রয়োজন ১৪। প্রথম বলেই লায়নের হাফ ভলিকে লং অনের ওপর ভাসালেন টেন্ডুলকার। পরের বলে আবার, ঠিক যেন অ্যাকশন রিপ্লে। প্রথম বলে ছক্কা টেস্ট টেন্ডুলকারের ক্যারিয়ারে সম্ভবত এই প্রথম, টানা দুই বলের ছয়ের আগে ‘সম্ভবত’ শব্দটিও বসানোর প্রয়োজন নেই। প্রথম ইনিংসের ব্যাটিং মনে করিয়ে দিয়েছে তাঁর সেরা সময়কে। আর এই দুটি ছক্কায় টেন্ডুলকার যেন অবসর নিয়ে প্রশ্নগুলোকেও ঝেঁটিয়ে বিদায় করতে চাইলেন দূরে! হেনরিকেস-লায়নের প্রতিরোধ আরও ২৫ মিনিট স্থায়ী হয়েছে কাল। তবে জুটিতে আগের দিনের ৫৭ রানের সঙ্গে যোগ করতে পেরেছেন আর মাত্র ৯। সকাল থেকে ওভার দ্য উইকেট বোলিং করতে থাকা রবীন্দ্র জাদেজা হঠাৎই গেলেন রাউন্ড দ্য উইকেট, প্রথম বলেই ব্যাট-প্যাড ক্যাচ লায়ন। সঙ্গীর অভাবে হেনরিকেসের ব্যাটিং বীরত্ব রূপ পেল না অভিষেকে সেঞ্চুরির। ম্যাচে অস্ট্রেলিয়ার ২০ উইকেটই ভারতীয় স্পিনারদের। ভারতের ইতিহাসে যা ঘটল তৃতীয়বার। এর আগে ১৯৭৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে এই মাঠেই, ১৯৭৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অকল্যান্ডে। প্রথমটিতে তিন স্পিনার ছিলেন বেদী-প্রসন্ন-চন্দ্রশেখর, পরেরটিতে বেদীর জায়গায় ভেঙ্কটরাঘবন।প্রথম দিন থেকেই বল ঘুরেছে উইকেটে, তৃতীয় দিন শেষে তো সেটির প্রায় ধানখেতের চেহারা! অথচ স্পিনের স্বর্গরাজ্য এই উইকেটেই কিনা অস্ট্রেলিয়া খেলিয়েছে মাত্র এক স্পিনার! ভারতে সর্বশেষ সিরিজে এই ভুল করেছিল ইংল্যান্ডও। এক স্পিনার নিয়ে প্রথম টেস্টে হারার পর অবশ্য সোয়ানের সঙ্গে বাঁহাতি পানেসারকে যোগ করে পরে জিতেছিল সিরিজ। হায়দরাবাদে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াও কি তাহলে লায়নের সঙ্গে নামিয়ে দেবে বাঁহাতি ডোহার্টিকে? ক্লার্ক নিশ্চিত করে কিছু বললেন না, ‘প্রথম ইনিংসে স্পিনে মাত্র তিন উইকেট পড়েছে, ফাস্ট বোলাররা উইকেট পেয়েছেন বেশি। তবে তার মানে এই নয় যে আমাদের তিনজন পেসার ও একজন পেস বোলিং অলরাউন্ডার খেলানোর সিদ্ধান্ত ঠিক ছিল। আমাদের পর্যালোচনা করে দেখতে হবে। হায়দরাবাদের কন্ডিশন দেখে একাদশ ঠিক করা হবে। আর দল নির্বাচনই সবকিছু নয়, পারফর্ম করাটাই আসল। এই টেস্টে আমরা যা পারিনি। উইকেট দেখতে যতটা খারাপ মনে হয়েছে, ততটা খারাপ ছিল না। আমি কোনো অজুহাত দেব না। ভারত দারুণ খেলে আমাদের উড়িয়ে দিয়েছে।’২০ উইকেটের ১২টিই পেয়েছেন অশ্বিন। তার পরও তিনি ম্যাচ-সেরা নন। এমন অসাধারণ বোলিং পারফরম্যান্সকে ছাপিয়ে ম্যাচ-সেরা হওয়াটাই প্রমাণ করছে ধোনির ইনিংসটার মহিমা। ডাবল সেঞ্চুরি করে ভারত অধিনায়ক চমকে দিয়েছেন নিজেকেও। পুরস্কার বিতরণীতে বললেন, ‘ডাবল সেঞ্চুরি করব, ভাবতেও পারিনি। দেশের হয়ে খেলার স্বপ্নই তো কখনো দেখিনি! যখন উইকেটে গেলাম, দল চাপে ছিল। মনে হয়েছিল কাছের ফিল্ডারদের সরাতে শট খেলা দরকার। আমি সেটাই করার চেষ্টা করেছি।’চার টেস্ট সিরিজের দ্বিতীয়টি শুরু আগামী শনিবার। এএফপি, ওয়েবসাইট।