অষ্টম দলটি ফিলিপাইনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম দল নিয়ে অনিশ্চয়তা চলছিল। ঘরোয়া ব্যস্ততায় কোনো দল আসতে চাইছিল না। কম্বোডিয়া শুরুতে ‘হ্যাঁ’ বললেও পরে পিছিয়ে যায়। এরপর কিরগিজস্তান ও তাজিকিস্তানের দুটি ক্লাব রাজি হয়েছিল বাংলাদেশে আসতে। তবে শেষ পর্যন্ত ফিলিপাইনের স্ট্যালিয়ন লেগুনা এফসিই হচ্ছে আসন্ন শেখ কামাল টুর্নামেন্টের অষ্টম দল।
১৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শুরু এই টুর্নামেন্টে খেলবে বিদেশি আরও চারটি ক্লাব। দক্ষিণ কোরিয়ার এফসি পোয়েচন, মালদ্বীপের টিসি স্পোর্টস, নেপালের মানাং মার্সিয়াংদি, আফগানিস্তানের শাহিন আসমায়ে।
টুর্নামেন্টে বড় নাম কোরিয়ার পোয়েচন। কে লিগে তৃতীয় স্তর চ্যাম্পিয়ন চ্যালেঞ্জার্স কাপ রানার্সআপ, ২০০৭ সালে যাত্রা করেছে দেশটির ফুটবলে। দেশের তিনটি দল খেলছে এবারও। গতবারের চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী তো আছেই, সঙ্গে ঢাকা আবাহনী ও ঢাকা মোহামেডান।
চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ১৮ ফেব্রুয়ারি। তবে রোলবল বিশ্বকাপের উদ্বোধনীর জন্য এই টুর্নামেন্ট এক-দুই দিন পেছানোর গুঞ্জনও শোনা যাচ্ছে। যদিও আয়োজক চট্টগ্রাম আবাহনী ১৮ তারিখ সামনে রেখেই এগোচ্ছে।
আয়োজকদের আশা, গতবারের চেয়েও এবারের টুর্নামেন্টটি হবে আকর্ষণীয়। গতবারের ফাইনাল এত দর্শক টেনেছিল যে প্রায় ৩০ হাজার দর্শক গ্যালারিতে ঢুকতে পারেনি। গোটা চট্টগ্রামেই সাড়া ফেলেছিল ওই ফাইনাল। কলকাতা ইস্ট বেঙ্গলকে হারিয়ে আয়োজক দলের শিরোপা উৎসব এখনো লেগে আছে অনেকের চোখে। সেই দৃশ্যটা এবারও উপহার দিতে চায় চট্টগ্রাম আবাহনী। ঢাকা আবাহনীও চোখ রাখছে শিরোপায়।