অসতর্কতার মাশুল দিয়েছে জার্মানি
বাছাই পর্ব থেকে ইউরোর কোয়ার্টার ফাইনাল—সব খানেই ঈর্ষণীয় পারফরম্যান্স। টানা ১৫টি প্রতিযোগিতামূলক ম্যাচে জয়ের বিশ্বরেকর্ড গড়া জার্মানির জয়রথ থামল ইতালির বিপক্ষে। ইউরোর সেমিফাইনাল থেকে ছিটকে পড়ার পর জার্মান দলে চলছে হারের চুলচেরা বিশ্লেষণ। কোচ জোয়াকিম লোর বিশ্বাস, অসতর্কতার মাশুল দিয়েছে জার্মানি। এই অসতর্কতার সুযোগটি কাজে লাগিয়ে ফাইনালে উঠে গেছে ইতালি।‘দুই বার আমরা অসতর্ক হয়ে পড়েছিলাম। দুবারই এর মাশুল দিতে হয়েছে। এর পর একটা ভালো দলের বিপক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন ছিল’—ম্যাচ শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলেছেন জোয়াকিম লো।২০০৮ সালের ইউরোয় জার্মানিকে ফাইনালে তুলেছিলেন লো। এর পর ২০১০ সালে অনুষ্ঠিত বিশ্বকাপে তাঁর অধীনেই তৃতীয় স্থান অর্জন করে জার্মানি।এবারের ইউরোর ফাইনালে দলকে তুলতে ব্যর্থ হওয়ার পর জোয়াকিম লো বলেন, ‘খেলার এই পর্যায়ে মুহূর্তের ভুলে ম্যাচের ফল নির্ধারিত হতে পারে। আমাদের ক্ষেত্রে ঠিক এটাই ঘটেছে। আমরা প্রচণ্ড হতাশ। কিন্তু ফুটবল সময় সময়ই এগিয়ে চলে। আশা করছি, এখান থেকে শিক্ষা নিয়ে নতুন শিরোপার লক্ষ্যে ছুটবে আমার খেলোয়াড়েরা।’এই ম্যাচে জার্মানির প্রতিপক্ষ কেবল ইতালি ছিল না, ছিল ইতিহাসও! ইউরো কিংবা বিশ্বকাপে ইতালিকে কোনো দিনই হারাতে পারেনি জার্মানি। প্রীতি ম্যাচের হিসাব করলেও জার্মানদের সর্বশেষ জয়টা ১৭ বছর আগের। ইতালির কাছে আরেকবার হার মানার পর পুরোনো ইতিহাসটাই টেনে আনলেন মিরোস্লাভ ক্লোসা। জার্মানির ৩৪ বছর বয়সী তারকা এই স্ট্রাইকার বলেন, ‘হয়তো আমাদের মাথায় ছিল যে এই প্রতিযোগিতায় ওদের কখনোই হারাতে পারিনি আমরা। এই হার হজম করতে কিছু সময় লাগবে আমাদের।’ রয়টার্স।