অসন্তুষ্ট গাভাস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরই বহু আকাঙ্ক্ষিত বিশ্বকাপ ঘরে তুলে দেশবাসীকে আনন্দে মাতিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু এর পর থেকেই তাঁদের পারফরম্যান্স হতাশায় ডুবিয়ে রেখেছে ভারতীয়দের। এবার ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারের লজ্জার সামনেও দাঁড়িয়ে দলটি। বিশ্বকাপ জয়ের পর কোনো দলের পারফরম্যান্স এত খারাপ হওয়ার নজির অতীতে আছে কি না, সেটাও এখন সামনে চলে আসছে। ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কারও মেনে নিতে পারছেন না দলের এই অবস্থা। তাঁর মতে, বিশ্বকাপের পর ভারতীয় দলের কোনো কোনো খেলোয়াড়ের ক্রিকেটের প্রতি হালকা মনোভাবই দলের এ অবস্থার মূল কারণ।ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টটি জিতলেও পরের দুটি টেস্টেই বড় ব্যবধানে হারের মুখ দেখেছে ভারত। ঘরের মাটিতে ভারতের সিরিজ জয়ের স্বপ্নটা ইতিমধ্যেই ধূলিসাত্ হয়ে গেছে। এখন নাগপুর টেস্টে জিততে পারলে কেবল সিরিজ হারের লজ্জাই এড়াতে পারবে ধোনি বাহিনী। তবে শুধু চলমান এই টেস্ট সিরিজেই নয়, ১৮ মাস ধরেই ধারাবাহিক ব্যর্থতার পরিচয় দিচ্ছে ভারত। আর এ জন্য ভারতীয় কিছু ক্রিকেটারের মনোভাবকে দায়ী করেছেন সুনীল গাভাস্কার। তিনি বলেছেন, ‘২০১১ সালে বিশ্বকাপ জয়ের পর, ভারতীয় কিছু ক্রিকেটারের মনোভাব খুবই হালকা। তারা মনোযোগের সঙ্গেও ক্রিকেট খেলছে না। তাদের আচরণ এমন, যেন বিশ্বকাপ জিতেই তারা অনেক কিছু হয়ে গেছে, দেশকে অনেক কিছু দিয়ে দিয়েছে। এই আচরণ একেবারেই অগ্রহণযোগ্য।’ ভারতের এই ব্যর্থতার দায় এখন স্বাভাবিকভাবেই এসে পড়ছে কোচ ডানকান ফ্লেচারের কাঁধে। তাঁকে সরিয়ে অন্য কাউকে কোচ হিসেবে আনার ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের চিন্তা করা উচিত কি না, এমন প্রশ্নের জবাবে গাভাস্কার বলেছেন, ‘ধোনি বলেছেন যে কোচ মাঠে গিয়ে রান করতে পারবেন না। আমি এটা সমর্থন করি। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ বা স্প্যানিশ লিগে যখন কোনো দল একটানা হারতে থাকে, তখন সেটার ভার কোচের ওপরও আসে।’নাগপুর টেস্টে ইংল্যান্ডের অভিষিক্ত ব্যাটসম্যান জো রুটের কাছ থেকে ভারতীয় ক্রিকেটারদের শিক্ষা গ্রহণ করা উচিত বলে মন্তব্য করেছেন গাভাস্কার। তিনি বলেছেন, ‘ইংল্যান্ডের নতুন এই ব্যাটসম্যানটিকে দেখুন। সে ম্যাট প্রায়র ও গ্রায়েম সোয়ানের সঙ্গে চমত্কার দুটি জুটি গড়ে তুলেছিল। নাগপুরের উইকেটে ব্যাট করে যাওয়াটা খুব একটা কঠিন না কিন্তু সেখানে রান করা সত্যিই কঠিন।’নাগপুর টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৩৩০ রানের জবাবে ব্যাট করতে নেমে গতকাল দ্বিতীয় দিনেই চারটি উইকেট হারিয়ে চাপের মুখে পড়েছিল ভারত। পঞ্চম উইকেটে ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। পিটিআই