অসন্তুষ্টি নিয়েই খেলবেন ক্রিকেটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কী নাম দেওয়া যায় এটির? ভারসাম্য রক্ষা? কাল মিরপুরের জিমনেসিয়ামে শাহরিয়ার নাফীস ও মাহমুদউল্লাহর অনুশীলন প্রথম আলো
কী নাম দেওয়া যায় এটির? ভারসাম্য রক্ষা? কাল মিরপুরের জিমনেসিয়ামে শাহরিয়ার নাফীস ও মাহমুদউল্লাহর অনুশীলন প্রথম আলো

শাহরিয়ার নাফীস খুব খুশি। প্রিমিয়ার লিগটা মাঠে তো গড়াচ্ছে! কিন্তু যখনই মনে হচ্ছে লটারি-পদ্ধতির দলবদল দিয়ে লিগ খেলার অর্থ ক্লাবগুলোর কাছে জিম্মি হয়ে মাঠে নামা, তাঁর খুশিটা তেমন থাকছে না। শুধু শাহরিয়ার নন, সিপিএল খেলে কাল দেশে ফেরা সাকিব আল হাসান-তামিম ইকবাল থেকে শুরু করে জাতীয় দলের বাইরের ক্রিকেটাররাও লিগ খেলবেন ক্লাব শক্তির কাছে আত্মসমর্পণের যন্ত্রণায়।

‘নতুন করে বলার কিছু নেই। কোনো খেলোয়াড়ই এভাবে লিগ খেলে খুশি না’—বলছিলেন ভাগ্যের দলবদলে আবাহনীর হয়ে যাওয়া শাহরিয়ার। মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শেষে কাল জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিমও কণ্ঠে ঝরালেন একই হতাশা, ‘কোনো খেলোয়াড়ই এতে সন্তুষ্ট নয়।’ তবে বোর্ডের ওপর তিনি আস্থাশীল যে বোর্ড প্রতিশ্রুতি ভঙ্গ করবে না, ‘বোর্ড আমাদের কথা দিয়েছে এই বছরই এটা হবে। আমরা আস্থা রেখেছি এবং আশা করছি আগামী বছর থেকে এটা পরিবর্তন করা হবে।’
একই আশা মোহামেডানের মাশরাফি বিন মুর্তজারও, ‘এটা ঠিক যে এভাবে হলে আমরা কেউই নিজেদের পছন্দমতো ক্লাবে খেলতে পারব না। ইচ্ছার বিরুদ্ধে খেলতে হবে। তবে এটা সম্ভবত এ বছরই হবে। আর মাঠে যেহেতু খেলা শুরু হচ্ছে, এখন নিজেকে নিয়ে ভাবাই ভালো।’

দলবদলে তারকা ক্রিকেটারদের নিয়ে সাধারণত বড় দলগুলোর মধ্যে লড়াই হয়। লটারি-পদ্ধতিতে সে সুযোগ না থাকায় সাকিবের মতো বিশ্বসেরা ক্রিকেটার খেলবেন গত প্রিমিয়ার লিগের আট নম্বর দল কলাবাগান ক্রীড়াচক্রে। ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরে কাল বিমানবন্দরে সাকিব যা বললেন, তাতে তাঁর খুব একটা আফসোস নেই, ‘বুঝতে পারছিলাম, হয়তো এমন একটা দলে আমাকে খেলতে হবে যেটা চিন্তাও করিনি। তবে আমার কোনো আফসোস নেই যে আমি কলাবাগানে খেলছি। আমি যেখানে আছি সেখানেই খুশি।’ ক্লাব নিয়ে আফসোস না থাকলেও ক্ষোভ আছে বিতর্কিত ‘প্লেয়ার বাই চয়েস’ পদ্ধতি নিয়ে, ‘বোর্ড এভাবে করতে চেয়েছে, করেছে। তবে ব্যক্তিগতভাবে আমার এটা পছন্দ হয়নি। আমার কাছে এটাকে কখনোই ভালো কিছু মনে হয় না। যে পদ্ধতি ছিল সেটা খুবই ভালো ছিল। জানি না কী কারণে পরিবর্তন করা হয়েছে।’ নিলামপদ্ধতির বিপিএলে কোনো ফ্র্যাঞ্চাইজিই প্রতিশ্রুত টাকা দেয়নি খেলোয়াড়দের। প্রিমিয়ার লিগেও খেলোয়াড়দের একই পরিণতি দেখছেন সাকিব, ‘আশঙ্কা নয়, আমি মোটামুটি নিশ্চিত যে এখানেও এমন হবে।’

ক্লাব নিয়ে আফসোস নেই তামিম ইকবালেরও। বরং ব্রাদার্স ইউনিয়নের মালিক এখন নিজ শহর চট্টগ্রামের বলে ভালোই লাগছে তাঁর। কিন্তু ক্রিকেটারদের হাত-পা বেঁধে লিগ খেলতে বাধ্য করাটাকে মানতে পারছেন না, ‘বোর্ড আসলে কাদের জন্য? খেলোয়াড়দের জন্য? নাকি ফ্র্যাঞ্চাইজি আর ক্লাবের জন্য! বিপিএলে ফ্র্যাঞ্চাইজিরা চাইল, ওনারা টাকা কমালেন। প্রিমিয়ার লিগে ক্লাব চাইল, তাও ওনারা টাকা কমিয়ে দিলেন। তাহলে খেলোয়াড়দের জন্য আপনারা কি করলেন যে আমরা বুক ফুলিয়ে আমাদের বোর্ডের কথা বলতে পারব?’ স্থানীয় ক্রিকেটারদের ক্ষেত্রে অন্যান্য বোর্ডের নীতির সঙ্গে বিসিবির নীতির তুলনা করে হতাশ বাঁহাতি ওপেনার, ‘আপনারা আইপিএলকে অনুসরণ করতে চান। ওখানে কিন্তু ভারতীয় খেলোয়াড়দেরই বেশি টাকা দেওয়া হয়। অনেক পেছনের সারির খেলোয়াড়কেও প্রমোট করা হয়। আর আমাদের বিপিএলে বিদেশি খেলোয়াড় হলেই টাকা বেশি। বিপিএলে সাকিব-মুশফিক যেখানে মাত্র ৭০ হাজার ডলার পায় সেখানে অনেক অখ্যাত বিদেশি এসেও মিলিয়ন মিলিয়ন ডলার কামিয়ে নিচ্ছে।’

সাকিব-তামিমের মতো বড় তারকা না হলেও ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমার ফয়সাল হোসেনের পরিণতিও প্রায় একই রকম। নানা অনিশ্চয়তার পরও লিগ খেলতে পারার আনন্দ তাই ঢাকা পড়ে যাচ্ছে অভিমানে, ‘তারা (ক্লাব ও বোর্ড) এভাবে করে দেখতে চেয়েছে। দেখুক না কী হয়...। তারা বলেছে এতে নাকি খেলায় প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। দেখি বাড়ে কি না। আমরা তো মেনে নিতে বাধ্য হচ্ছি।’
হতাশার এই ভিড়েও ইতিবাচক কিছু খুঁজছেন মুশফিকুর রহিম। ব্যাংক-ব্যালান্স বেশি না বাড়ুক, লিগটা হলে নিউজিল্যান্ড সিরিজের আগে জাতীয় দলের খেলোয়াড়েরা ম্যাচ অনুশীলনের সুযোগ অন্তত পাবে, ‘আশা করি, সব খেলোয়াড় লিগটাকে সিরিয়াসলি নেবে। আমরা যারা জাতীয় দলের খেলোয়াড় তাদের জন্য এটা প্লাস পয়েন্ট। লিগটা যেন তাড়াতাড়িই শুরু হয় এবং আমরা যেন কয়েকটা ম্যাচ খেলতে পারি।’