অসন্তোষের কারণ অর্থ নয়: রোনালদো
রিয়াল মাদ্রিদে নাকি নিতান্তই অখুশি ক্রিস্টিয়ানো রোনালদো। লা লিগায় গ্রানাডার বিপক্ষে গোল করেও উদযাপন না করে ঘরের বিবাদকে বাইরে টেনে এনেছেন এই ফুটবল তারকা। ব্যাপারটি নিয়ে এ মুহূর্তে চলছে বিতর্ক আর সমালোচনার ঝড়। রিয়াল মাদ্রিদের পাঁড় সমর্থকেরা অবশ্য ব্যাপারটি নিয়ে প্রচণ্ড বিরক্ত রোনালদোর প্রতি। তাঁদের বক্তব্য, ভেতরে যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে তাকে বাইরে টেনে নিয়ে আসা রোনালদোর উচিত হয়নি। রোনালদোর অসুখী হওয়া নিয়ে অবশ্য নানাজনের নানামত—কেউ কেউ বলছেন, গত মৌসুমে দারুণ খেলে রিয়ালকে চার বছর পর লা লিগার শিরোপা এনে দেওয়ার পর নতুন মৌসুমে নিজের বেতন-ভাতা দেখে খুশি হতে পারেননি রোনালদো; বেশ কিছুদিন ধরে মনের মধ্যে পুষে রাখা ক্ষোভ ঝেড়ে দিয়েছেন গ্রানাডার বিপক্ষে ম্যাচের ঠিক পরপরই। রোনালদো অবশ্য তাঁর বিরুদ্ধে এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘অতিরিক্ত বেতন না পাওয়ার কারণে আমি অসন্তুষ্ট—এটি নেহাত বাজে কথা।’ তিনি বলেন, ‘এটা অবশ্যই একদিন প্রমাণিত হবে যে আমার অসন্তোষের কারণ অতিরিক্ত বেতন-ভাতাকে কেন্দ্র করে ছিল না।’২০০৯ সালে রেকর্ড অর্থের বিনিময়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত মৌসুমের একপর্যায়ে এই পর্তুগিজ তারকা বলেছিলেন, খেলোয়াড়ি জীবনের বাকি সময়টাও তিনি রিয়ালে কাটিয়ে দিতে চান। কোন কারণে যে রোনালদো রিয়ালে ভালো নেই ব্যাপারটি প্রথম চাউর হয়েছে গ্রানাডার বিপক্ষে ম্যাচের পরপরই। কেন রোনালদো রিয়ালে অখুশি, সেটা তিনি নিজে অবশ্য পরিষ্কার করে জানাননি। কেবল বলেছেন, ‘আমার অসন্তোষের কারণ ক্লাবের লোকজন জানেন।’ একটি সূত্র মনে করছে, ২০১২ সালে ইউরোপের সেরা ফুটবলার হওয়ার ব্যাপারে তিনি তাঁর ক্লাব রিয়ালের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন পাননি। খবর বেরিয়েছে, ইউরোপসেরা খেলোয়াড় হওয়ার ভোটাভুটিতে নাকি রিয়াল অধিনায়ক ইকার ক্যাসিয়াসের ভোটটি পড়েছে বার্সেলোনার আন্দ্রেস ইনিয়েস্তার বাক্সে। এ ব্যাপারগুলো নাকি রোনালদোকে প্রচণ্ড রকম কষ্ট দিয়েছে। সেই কষ্টের প্রতিশোধ রোনালদো তুলেছেন রিয়ালের পক্ষে ১৪৯ ও ১৫০তম গোল দুটি করে উদযাপন না করে। বিবিসি অনলাইন।