অসম্ভব পথে হাঁটা শুরু পাকিস্তানের
শহীদ আফ্রিদি বলেছিলেন, ‘এবার অন্যরকম হবে।’ এখন মনে হচ্ছে, দুটি টি-টোয়েন্টি জিতেই টেস্টও জেতার স্বপ্ন দেখে বাড়াবাড়ি করে ফেলেছেন পাকিস্তানের নতুন টেস্ট অধিনায়ক। লর্ডস টেস্টের তৃতীয় দিনে যে পরাজয় চোখ রাঙাচ্ছে পাকিস্তানকে।জিততে হলে চতুর্থ ইনিংসে রান তাড়া করার নতুন বিশ্বরেকর্ড গড়তে হবে পাকিস্তানকে। দ্বিতীয় ইনিংসে ৩৩৪ রানে অলআউট হয়ে অস্ট্রেলিয়া পাকিস্তানের সামনে বেঁধে দিয়েছে ৪৪০ রানের লক্ষ্য। ইমরান ফারহাতের উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষে পাকিস্তান তুলেছে ১১৪। ৫০ রানের উদ্বোধনী জুটির পর অভিষিক্ত আজহার আলীকে নিয়ে ৬৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন সালমান বাট। লড়াইয়ের ইঙ্গিত আছে, তবে প্রথম ইনিংসে ১৪৮ রানে অলআউট পাকিস্তান কি পারবে এই রানসমুদ্র পাড়ি দিতে?প্রথম ইনিংসে ব্যাটসম্যানদের যাচ্ছেতাই পারফরম্যান্সের মধ্যেও এই টেস্টে পাকিস্তানের জন্য আশার আলো ছিলেন বোলাররা। দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে দিয়েছিলেন বোলাররাই। ৯৭ রানে ফেলে দিয়েছিল চার উইকেট। এ সবই দ্বিতীয় দিনের খবর। শুরুর এই ধাক্কা মিচেল জনসনকে সঙ্গী করে দ্রুতই সামলে নিয়েছেন আগের দিনে ৪৯ রানে অপরাজিত থাকা সাইমন ক্যাটিচ।অবশ্য প্রথম ইনিংসের মতো এবারও আশির ঘরে গিয়ে ফিরতে হলো ক্যাটিচকে। ক্যারিয়ারের একাদশ সেঞ্চুরি থেকে ১৭ রান দূরে থাকতে কাল ক্যাটিচকে ফিরিয়ে দিয়েছেন উমর গুল। এর আগে গুলের শিকার ছিলেন জনসনও। এই জোড়া ধাক্কার পর মোক্ষম কামড় বসান মোহাম্মদ আসিফ। ক্যাটিচ বিদায় নেওয়ার দুই বল পর ফিরে যান মার্কাস নর্থও। ৩৯ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে হুট করে অস্ট্রেলিয়ার স্কোরটা হয়ে যায় ১৮৮/৭। লিড তখন ২৯৩ রানের। শেষ তিন ব্যাটসম্যানকে দ্রুত ফিরিয়ে দিলে জয়ের জন্য পাকিস্তান ঝাঁপিয়ে পড়তে পারে...অস্ট্রেলিয়ার বিপক্ষে যে পাকিস্তান টেস্ট জেতেনি ১৫ বছর হয়ে গেল।আফ্রিদির এই আশা আরও উজ্জ্বল হয়ে ওঠে ২০৮ রানে অস্ট্রেলিয়া অষ্টম উইকেট হারিয়ে ফেললে। পরের ৩০টি ওভার সেই আশায় গুড়ে বালি দিয়ে দেয়। পাকিস্তানের জন্য অসহ্য যন্ত্রণার ৩০টি ওভার! ব্যাট করছেন বোলাররা, আর তাঁদেরই কাবু করতে উল্টো নিজেরাই কুপোকাত। শেষ দুটি উইকেটে অস্ট্রেলিয়া তুলে ফেলল ১২৬ রান।মূল কৃতিত্ব অবশ্যই বেন হিলফেনহসের। ১০ নম্বরে নামা এই ফাস্ট বোলারকে অলরাউন্ডার বানিয়ে দিল পাকিস্তান। সেই সুযোগে ঘরোয়া-আন্তর্জাতিক ক্যারিয়ার মিলে নিজের সর্বোচ্চ ইনিংসটাও খেলে ফেললেন। ৫৬ রানে অপরাজিত ছিলেন হিলফেনহস, কোনো ধরনের ক্রিকেটেই যাঁর ব্যাটিং গড় ১২ ছাড়ায়নি। নবম উইকেটে পেইনের সঙ্গে তাঁর ৭৪ রানের জুটি, শেষ ব্যাটসম্যান বলিঞ্জারকে নিয়েও যোগ করেছেন ৫২ রান।