অসম্ভবের যাত্রী আর্সেনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিউনিখ যাত্রার আগে দলকে উজ্জীবিত রাখতে শিষ্যদের কানে একটা মন্ত্রই ফুঁকে দিয়েছেন আর্সেন ওয়েঙ্গার—অসম্ভবকে সম্ভব করতে হবে। সত্যিকার অর্থেই আজকের বায়ার্ন-বাধাটা আর্সেনালের জন্য ‘মিশন ইম্পসিবল’। প্রথম লেগে নিজেদের মাঠে ৩-১ গোলে হেরে খাদের কিনারায় পড়ে গেছে আর্সেনাল। আসলে পড়ে গেছে খাদেই। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে হলে গড়তে হবে ইতিহাস। বায়ার্নের মাঠে গিয়ে জিততে হবে ৩-০ গোলে। সেটা কি সম্ভব?আর্সেনালের কোচ জানেন, বায়ার্নের মাঠে গিয়ে বায়ার্নকে তিন গোল দেওয়াটা অসম্ভবের কাছাকাছি। তবু আশায় বুক বাঁধছেন ওয়েঙ্গার। আশা নেই জেনেও ডুবতে যাওয়া জাহাজের কান্ডারিকে আশার বাতি জ্বালতেই হয়। ওয়েঙ্গার দলকে গাঁথতে চাইছেন হারার আগেই না হারার মানসিকতায়, ‘কোনো সন্দেহই নেই, আমরা খুবই কঠিন একটা পরিবেশে কঠিন একটা দলের বিপক্ষে ম্যাচটা খেলতে যাচ্ছি। আমাদের চেষ্টা করতে হবে তাদের কোণঠাসা করে রাখতে।’আর্সেনালের জন্য কাজটা কতটা কঠিন, সেটা স্পষ্ট একটা তথ্যেই। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এ পর্যন্ত দুটি দলই মাত্র শেষ ষোলো রাউন্ডের প্রথম লেগে নিজেদের মাঠে হেরেও পরবর্তী রাউন্ডে যেতে পেরেছে। দল দুটি হলো ইন্টার মিলান ও আয়াক্স। এই তথ্যটা থেকে আর্সেনাল আবার খুঁজে নিতে পারছে অনুপ্রেরণাও। কারণ, ২০১০-১১ মৌসুমে ইন্টার মিলান প্রথম লেগে নিজেদের মাঠে হেরেও কোয়ার্টার ফাইনালে উঠেছিল এই বায়ার্নকে হারিয়েই। বায়ার্নের মাঠে গিয়ে ফিরতি লেগে জিতেছিল ৩-২ গোলে।দুই মৌসুম আগের সেই হতাশার স্মৃতি মনে আছে বায়ার্নেরও। পরের রাউন্ডে এক পা রেখেও তাই সতর্ক বায়ার্ন। টমাস মুলার যেমন বলছেন, ‘আমরা মিলানে গিয়ে ১-০ গোলে জিতেছিলাম এবং ফিরতি লেগে ৩-২ গোলে হেরে ছিটকে পড়ি। কাজেই আমাদের ঢিলেমির সুযোগ নেই।’ বায়ার্ন হয়তো ছেড়ে কথা বলবে না। তবে ওয়েঙ্গারের দলের জন্য সুখবর, আজ বায়ার্নকে মাঠে নামতে হচ্ছে ফ্রাঙ্ক রিবেরি, বাস্তিয়েন শোয়েনস্টেইগার ও জেরম বোয়াটেংকে ছাড়াই।আজকের অন্য ম্যাচের চিত্র ঠিক বিপরীত। প্রথম লেগে এফসি পোর্তোর মাঠ থেকে ১-০ গোলে হেরে এসেছে মালাগা। তবে পিছিয়ে থাকলেও প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে খেলা স্প্যানিশ ক্লাবটি কোয়ার্টার ফাইনালে ওঠার বিষয়ে আশাবাদী। আজ ফিরতি লেগটি যে তাদের নিজেদের মাঠে। কয়েক বছর আগেও স্পেনের দ্বিতীয় বিভাগে খেলা মালাগা গত মৌসুমে লিগে চতুর্থ হয়ে জায়গা করে নেয় চ্যাম্পিয়নস লিগে। পোর্তোতেই জন্ম-বেড়ে ওঠা মালাগার সাবেক পর্তুগিজ মিডফিল্ডার দুদাও বলে দিয়েছেন, ‘আমরা নিজেদের মাঠে, নিজেদের সমর্থকদের সামনে খেলব। কাজেই কোয়ার্টার ফাইনালে ওঠার ভালো সম্ভাবনাই আছে। খেলোয়াড়, দলের স্টাফ এবং প্রত্যেকেই জানে এটা মালাগার ফুটবল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ।’ মালাগা খেলোয়াড়দের উজ্জীবিত করছে অন্যরকম একটি ভিডিও দেখিয়েও, যে ভিডিওর বক্তব্য, ‘আমরা তৈরি, তোমরা?’ রয়টার্স, এএফপি।আজ মুখোমুখিবায়ার্ন-আর্সেনালমালাগা-পোর্তো