অসম্ভবের সামনে বার্সা
খুব বেশি দূরে যাওয়ার দরকার কি? অনুপ্রেরণা খুঁজতে বার্সেলোনা প্রতিবেশী দেপোর্তিভো লা করুনিয়ার সঙ্গেই যোগাযোগ করতে পারে। ২০০৩-০৪ চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে এসি মিলানের কাছে হেরেছিল তারা ৪-১ গোলে। সেই দেপোর্তিভোই ফিরতি লেগটা ৪-০ গোলে জিতে করেছিল অসাধ্য সাধন।বার্সা অবশ্য দাবি করতে পারে, হোক না স্প্যানিশ প্রতিবেশী, তার পরও অন্যের কাছ থেকে অনুপ্রেরণা খোঁজার কিংবা এত পেছনে ফিরে তাকানোরই বা কী দরকার! আরও টাটকা ‘অনুপ্রেরণা-বটিকা’ তো বার্সার ফ্রিজেই আছে। এবারের চ্যাম্পিয়নস লিগেই কি মিলানকে ফিরতি লেগে ৪-০ গোলে উড়িয়ে দেয়নি তারা!সমস্যা হলো, এবার প্রতিপক্ষ মিলান নয়; বায়ার্ন মিউনিখ, যারা কিনা আছে ফর্মের তুঙ্গে। এবারের চ্যাম্পিয়নস লিগ শিরোপার সবচেয়ে যোগ্য দাবিদার বলতে হচ্ছে ইয়ুপ হেইঙ্কেসের দলকেই। তা ছাড়া আজ চারটি গোল করাটাও বার্সার জন্য শেষ পর্যন্ত যথেষ্ট প্রমাণিত না-ও হতে পারে। আরেকটা প্রশ্নও আছে। মিলানের বিপক্ষে বার্সার দুর্দান্ত প্রত্যাবর্তনে জাদু দেখিয়েছিলেন লিওনেল মেসি; আজ আর্জেন্টাইন জাদুকর সেই জাদু দেখাতে পারবেন তো?মেসি পুরো ফিট কি না, তা নিয়েই সংশয় আছে। লিগের গত ম্যাচটাও বদলি হিসেবে খেলেছেন শেষ আধঘণ্টা। মাঠে নেমেই অবশ্য দেখা দিয়েছেন স্বরূপে। নিজে দুর্দান্ত এক গোল করেছেন অ্যাথলেটিক বিলবাওয়ের রক্ষণ-জটলাকে বোকা বানিয়ে। ওই গোলের এক মিনিট পর তাঁর দুর্দান্ত এক হেড গোল করিয়েছিল অ্যালেক্সিস সানচেজকে দিয়ে। আজ বার্সা মেসি নামের পরশপাথরের দিকেই উন্মুখ হয়ে তাকিয়ে থাকবে। গত শনিবার বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ শেষে সহকারী কোচ জর্ডি রৌরাও বলেছিলেন, ‘মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। এ কারণে তার শূন্যতা সহজেই চোখে পড়ে। সে-ই ব্যবধান গড়ে দেয়। বায়ার্নের বিপক্ষে আমরা যত ভালো লিওকে পাব, আমাদের সম্ভাবনাও ততটাই উজ্জ্বল হবে।’ মেসি নিজেও উদ্দীপ্ত, সতীর্থদেরও উদ্দীপ্ত করতে তাঁদের ডাক দিয়েছেন স্মরণীয় এক প্রত্যাবর্তনের ইতিহাস গড়তে।বার্সার জন্য অবশ্য আক্রমণের চেয়ে রক্ষণের দুশ্চিন্তাটাই বেশি। বায়ার্ন একটা গোল করে ফেললেই বার্সাকে জিততে হবে ৬-১ গোলে! বিলবাওয়ের মতো দুর্বল প্রতিপক্ষের কাছে চার দিন আগে দুটি গোল হজম করা বার্সা নিজেদের গোলদুর্গ অটুট রাখতে পারবে তো? রক্ষণের দুশ্চিন্তা টিটো ভিলানোভার আরও বাড়ছে, কারণ নিষেধাজ্ঞার কারণে আজ পাওয়া যাচ্ছে না ফুলব্যাক জর্ডি আলবাকে। সেন্টার ব্যাক হিসেবে জেরার্ড পিকের সঙ্গী কে হবেন, এটাও একটা বড় প্রশ্ন।বার্সা যেমন অতীতচারী হতে পারে, হেইঙ্কেসের মনেও উঁকি দিয়ে যেতে পারে ১৯৮৫ সালের একটা স্মৃতি। সেবার উয়েফা কাপে বরুসিয়া মনশেনগ্লাডবাখের কোচ থাকার সময় ৫-১ গোলে প্রথম লেগটা জিতেও রিয়াল মাদ্রিদের কাছে পরাজয় মেনে নিতে হয়েছিল তাঁকে। সেই ভুল এবার নিশ্চয়ই করতে চান না অভিজ্ঞ এই কোচ। তবে ফাইনালে এক পা দিয়ে রাখলেও আজ রক্ষণাত্মক খেলবেন না বলে জানিয়েছেন তিনি। প্রথম একাদশের ছয় খেলোয়াড় অধিনায়ক লাম, দান্তে, মার্টিনেজ, গুস্তাভো, শোয়েনস্টেইগার ও গোমেজের যে কেউ একটা হলুদ কার্ড দেখলেই ফাইনালে খেলতে পারবেন না। তবু তাঁদের কাউকে বসিয়ে রাখতে চান না কোচ, ‘আমি কোনো ছাড় দিতে রাজি নই। সম্ভাব্য সেরা একাদশই আমি সাজাব।’বার্সা তাই অসম্ভবের সামনে দাঁড়িয়ে। সেই অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আছে একজনেরই। পারবেন মেসি? এএফপি, রয়টার্স।