অসহায় হয়ে পড়েছিলেন ডমেনেখ-এসকালেটস
ফ্রান্সের সংসদের কাছে অসহায়ত্বের কথাই বলে এলেন জাঁ-পিয়েরে এসকালেটস। বিশ্বকাপ-ব্যর্থতার কারণ উদ্ঘাটন করতে বিদায়ী কোচ রেমন্ড ডমেনেখের কথা শুনতে চেয়েছে ফ্রান্স সংসদের বিশেষ কমিশন। তাঁকে তলব করা হয়েছিল কমিশনের সামনে। সঙ্গে তলব করা হয়েছিল সদ্যই ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতির পদ থেকে পদত্যাগ করা এসকালেটসকেও। কমিশনকে এসকালেটস বলে এসেছেন, তাঁর আসলে কিছুই করার ছিল না। তিনি নাকি অসহায়ই হয়ে পড়েছিলেন।দুটি পরাজয় এবং একটি ড্র—বিশ্বকাপের প্রথম রাউন্ডের তিন ম্যাচে এই ছিল গতবারের রানার্সআপদের কীর্তি। ফলে প্রথম পর্ব শেষেই ধরতে হয়েছে দেশের বিমান। রুদ্ধদ্বার শুনানিতে ৭৫ বছর বয়সী এসকালেটস যা বলেছেন, সেটা জানিয়েছেন কমিশনের সদস্য লিওনেল তার্দি, ‘তিনি (এসকালেটস) আমাদের বলেছেন, খেলোয়াড়দের বোঝাতে তাঁরা দুজন (এসকালেটস ও রেমন্ড ডমেনেখ) সাধ্যমতো সব চেষ্টাই করেছেন। কিন্তু খেলোয়াড়েরা কিছু না শুনে ধর্মঘট করেছেন। এতে নাকি তাঁরা অসহায় হয়ে পড়েছিলেন।’ রয়টার্স।