
শেষ ৬ বলে দরকার ১ রান। প্রথম বলেই ছক্কা হাঁকাতে গেলেন ক্রিস জর্ডান। ডিপ স্কয়ার লেগে জেপি ডুমিনির দুর্দান্ত ক্যাচ। পরের বলটি ঠেলে দিয়েই ডেভিড উইলির পড়িমরি দৌড়, অন্য প্রান্তে পৌঁছাতে পারলেন না। আউট! পরের বলে কোনো রান নিতে ব্যর্থ মঈন আলী! ৩ বলে প্রয়োজন ১ রান, হাতে ২ উইকেট। ওয়াংখেড়েতে রুদ্ধশ্বাস এক নাটকের অপেক্ষা! সেই উত্তেজনায় জল ঢেলে মঈন আলী পরের বলে নিয়ে নিলেন কাঙ্ক্ষিত রানটি। ২ বল বাকি থাকতেই জিতল ইংল্যান্ড।
টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান করেও হারের রেকর্ডটি দক্ষিণ আফ্রিকারই ছিল। সেটি যে তাদের হাতছাড়া হচ্ছে না, জানা গিয়েছিল প্রথম ইনিংসের পরই। তাই আর নতুন করে রেকর্ডটি লিখতে হয়নি প্রোটিয়াদের, সান্ত্বনা এটুকুই। ২০১৫ সালে জোহানেসবার্গে ২৩১ রান করেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। কাল ২২৯ রানের পাহাড় গড়েও তাদের হারতে হলো ইংল্যান্ডের কাছে।
জয়ের জন্য ২৩০ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডের শুরুটা ছিল দুর্দান্ত। প্রথম দুই ওভারেই ৪৪ রান। ২.৫ ওভারেই ৫০! ৬ ওভারের পাওয়ার প্লের শেষে তা দাঁড়াল ৮৯। ততক্ষণে অবশ্য উইকেট পড়ে গেছে ৩টি। একে একে ফিরে গেছেন জেসন রয়, অ্যালেক্স হেলস ও বেন স্টোকস। একটু পরে ফিরে যান অধিনায়ক মরগানও। বড় রান তাড়া করতে নেমে চার ব্যাটসম্যানকে হারিয়েও হাল ছাড়েনি ইংল্যান্ড। দলটির যে আছেন একজন জো রুট। জস বাটলারকে সঙ্গী করে ৬ ওভারে ৭৫ রানের এক জুটিতেই ম্যাচটি নিয়ে এলেন হাতের কাছে। ১৫.৪ ওভারে বাটলার যখন ২১ করে আউট হলেন, জয়ের জন্য ইংল্যান্ডের দরকার মাত্র ৪৪ রান।
রুট সেটিকে নিয়ে এলেন একেবারেই হাতের নাগালে। দক্ষিণ আফ্রিকার বোলারদের দর্শক বানিয়ে ১২ বলে ১১ রানের সমীকরণে নিয়ে এলেন ম্যাচকে। প্রথম ইনিংসের শেষে দক্ষিণ আফ্রিকার দেওয়া ২২৯ রানের দুর্লঙ্ঘ্য পাহাড়কে তখন কী সহজই না দেখাচ্ছিল। এই অবস্থায় ভাগ্যের একটু রসিকতা। আউট হয়ে গেলেন রুট। কিন্তু জর্ডান ও মঈন আলী মিলিয়ে ফেললেন সমীকরণটা। টি-টোয়েন্টি বিশ্বকাপও দেখে ফেলল সবচেয়ে বেশি রান তাড়া করে জয়।
এর আগে কুইন্টন ডি কক, হাশিম আমলা ও ডুমিনির তিনটি ঝোড়ো ফিফটিতে দক্ষিণ আফ্রিকা পেয়েছিল ২২৯ রানের বিশাল পুঁজি। শেষ পর্যন্ত সেটিও ক্ষুদ্র হয়ে গেল রুটদের কাছে। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ২২৯/৪ (আমলা ৫৮, ডি কক ৫২, ডি ভিলিয়ার্স ১৬, ডু প্লেসি ১৭, ডুমিনি ৫৪*, মিলার ২৮*; উইলি ১/৪০, টপলি ০/৩৩, মঈন ২/৩৪, জর্ডান ০/৪৯, স্টোকস ০/২৩, রশিদ ১/৩৫, রুট ০/১৩)।
ইংল্যান্ড: ১৯.৪ ওভারে ২৩০/৮ (রয় ৪৩, হেলস ১৭, স্টোকস ১৫, রুট ৮৩, মরগান ১২, বাটলার ২১, মঈন ১২*, জর্ডান ৫, উইলি ০, আদিল ০*; রাবাদা ২/৫০, অ্যাবট ৩/৪১, তাহির ১/২৮, ডুমিনি ১/৩১, স্টেইন ০/৩৫, মরিস ০/৪৩)।
ফল: ইংল্যান্ড ২ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: জো রুট।