অসাধারণ এক ভ্রমণের সমাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র পাঁচ মিনিটের জন্য দেখা হলো না রুনি, মাতা, ফন পার্সি, হার্নান্দেজদের সঙ্গে। ক্যারিংটন আওন প্রশিক্ষণ মাঠ থেকে ওঁরাও বেরিয়ে গেলেন, আর মাঠে ঢুকল বাংলাদেশ ও ভারতের এয়ারটেল উদীয়মান ফুটবলাররা। সান্ডারল্যান্ড ম্যাচের জন্য অনুশীলনের শেষ সেশনটি করতে এসেছিল ম্যানচেস্টার ইউনাইটেড দল। ওঁদের পায়ের দাগগুলো তখনো চিহ্ন হিসেবে বুকে ধরে রেখেছে মাঠখানা। সেখানেই খেলতে নামল দুই প্রতিবেশী দেশের খুদে ফুটবলাররা। আগের চার দিনে ছেলেরা কী শিখল, সেটি বাজিয়ে দেখতে হলো একটা প্রীতিম্যাচ। ম্যাচটি হলো আবার দুই দিন ধরে। আগের দিন শেষ বেলায় হয়েছে ৪৫ মিনিটের খেলা। সেটি ছিল বাংলাদেশের ছেলেদের অ্যাওয়ে ম্যাচ। পরশু ৪৫ মিনিটের ম্যাচটি তাদের হোম ম্যাচ।
লড়াই হলো দুর্দান্ত। কোচ অ্যান্ডি কানিংহাম থাকলেন বাংলাদেশের ডাগ-আউটে, ভারতীয় দলের ডাগ-আউটে ড্যানি বারবার। মাঠের মাঝখানে বাঁশি মুখে দাঁড়ালেন মূল কোচ মিক বেনেট। মোটেই হালকা চালের ম্যাচ নয়। গুরুগম্ভীর পরিবেশে কানিংহাম যেন রায়ান গিগস, আর বারবার হোসে মরিনহো। ট্যাকটিক্যাল বোর্ড নিয়ে নেমেছিলেন দুই কোচ। ছকে বাঁধা খেলা। যেভাবে ছেলেদের প্রশিক্ষণ দিয়েছেন দুই কোচ, তারই প্রয়োগ দেখতে চাইলেন তাঁরা। খেলাটা উপভোগ্য হলো দারুণ। ম্যানচেস্টার ইউনাইটেডের রিলেশনস ম্যানেজার জেমস টার্নার খেলা দেখে মুগ্ধ, ‘দারুণ একটা খেলা দেখলাম। সময়টা নষ্ট হয়নি।’
তা চমৎকার খেলেও বাংলাদেশের ছেলেরা ভারতের কাছে হেরে গেল ২-৪ গোলে। আগের দিনও ছিল একই ফল। পরশু অবশ্য মশিউরের গোলে প্রথমে এগিয়ে যাওয়া বাংলাদেশ ইঙ্গিত দিয়েছিল ‘বদলা’ নেওয়ার। কিন্তু বাংলাদেশের ফুটবলের চিরন্তন যে বৈশিষ্ট্য, সেটাই ফুটে উঠল পরে। কোচের পরিকল্পনা গুলিয়ে ফেলে টানা তিন গোল হজম। শেষ মুহূর্তে অনীকের গোলে শুধু ব্যবধানই কমল। বদলা নেওয়া আর হলো না।
ম্যাচ শেষে তিন কোচ বললেন, এটা শুধুই ওদের খেলাটা একটু দেখার উপলক্ষ। তা তাঁরা এর মধ্যেই দেখে নিয়েছেন। তিনজনের মুখেই বাংলাদেশের প্রশংসা। ওঁরা এও বললেন, ভারতের ছেলেরা বয়সে একটু বড়। সুতরাং হতোদ্যম হওয়ার কিছু নেই। ওদের কঠোর পরিশ্রম করে যেতে হবে। যে স্বপ্ন ওদের চোখে এঁকে দেওয়া হলো, সেই স্বপ্নকে হারিয়ে যেতে দেওয়া যাবে না।
আগের ম্যাচে পরাজিত দলে থেকেও সেরা খেলোয়াড় হয়েছিল মশিউর। পরশুও একটা প্রাপ্তি ছিল, বাংলাদেশ থেকে সপ্তাহের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে অনীক পেয়েছে বিশেষ মেডেল। ম্যাচ শেষে দুই দলকে মেডেল দিলেন ম্যানচেস্টার ইউনাইটেড সকার স্কুলের কোচরাই। সোনালি মেডেল। ইংল্যান্ডে দুষ্প্রাপ্য এক আলোঝলমল দিনে অনীক-মশিউর-ইমন-সোহান-মাহদুদ-মাহবুবদের গলায় ঝুলন্ত মেডেলগুলো সোনালি ঝিলিক দিল। কিন্তু আসলে ওদের মন খারাপ। ভারতের কাছে পরাজয়ে! একটা শিশুর হাত থেকে আরেকটা শিশু খেলনা কেড়ে নিলে যেমন দেখা যায় আর কি!
কোচরা বারবার বললেন, এই প্রীতি ম্যাচের ফল কিছুই নয়। ওদের মধ্যে সুপ্ত প্রতিভাই আসল। সেটি ওদের আছে। এখন দরকার প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া। এয়ারটেল প্রতিভাগুলোকে খুঁজে এনে তাদের স্বপ্নের পথটা দেখিয়ে দিয়েছে। এখন দেশের ফুটবল সমাজেরই দায়িত্ব ওদের দায়িত্ব নেওয়া। একদম খাঁটি কথা। দ্বিমত করার লোক খুঁজে পাওয়া যাবে না। দেশের ফুটবল সমাজের ওদের দিকে সুদৃষ্টি থাকবে কি না, সেটাই এখন প্রশ্ন।
ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে বসে রুনি-মাতাদের খেলা দেখা, তাঁদের ড্রেসিংরুমে বসা—বাংলাদেশের কোনো কিশোরের কল্পনা-স্বপ্নের ঘোরেও এতটা পথ হাঁটতে পারত না। সেই স্বপ্ন এখন সত্যি! সাত সাগর তেরো নদী পেরোল ১২ কিশোরের ময়ূরপঙ্খী স্বপ্ন। এখন নতুন স্বপ্নের বীজ বুনে ওরা ফিরে চলেছে দেশে। পেছনে পড়ে রইল ম্যানচেস্টার সকার স্কুলের অনুশীলন মাঠ, ম্যানচেস্টার ইউনাইটেড স্টেডিয়াম। এয়ারটেলের কর্মকর্তা মামুন আর রশিদ, ইন্টার স্পিডের কর্মকর্তা মুনতাসির আলম, পার্থ সাহা ও আবুল বাশারের এঁকে দেওয়া নানা নিষেধের গণ্ডি—লাইনে দাঁড়াও, সোজা হাঁটো ইত্যাদি। পেছনে পড়ে রইল ক্যারিংটনের হোটেল প্রিমিয়ার ইন, লন্ডন থেকে এসে নিবিড় তত্ত্বাবধানে ওদের বেঁধে রাখা দুই প্রবাসী বাঙালি নাভেদ চৌধুরী ও মাহবুবুর রহমানের সান্নিধ্য। হ্যাজেল গ্রোভ রোডের বাঙালি রেস্তোরাঁ ব্লু নাইলের বাঙালিত্ব ভুলতে না-দেওয়া খাবারের স্বাদ, হোটেল মালিক হাসান সাহেবের ভালোবাসা।
এই লেখা যখন পড়ছেন, আকাশপথে ইতিহাদ এয়ারলাইনসে রোববার সকালে মানে আজ ঢাকার মাটিতে পা রাখার কথা ওদের।