অসি গণমাধ্যম মিথ্যা বলছে: শেবাগ
পার্থ টেস্টের আগে ভারতীয় ক্রিকেট দলের ব্যবচ্ছেদ নিয়ে ব্যস্ত অস্ট্রেলীয় মিডিয়া। ভারতীয় দলে কোন্দল আর অস্থিরতার খবর ছাপিয়ে বেশ বিতর্কেরও জন্ম দিয়েছে তারা। অসি গণমাধ্যমে দাবি করা হয়েছে ভারতীয় দল নাকি ধোনি ও শেবাগের আলাদা গ্রুপে বিভক্ত। ভিন্ন সংস্কৃতি ও ভিন্ন ভাষা ভারতীয় দলের খেলোয়াড়দের নাকি কখনোই একটা ইউনিট হয়ে গড়ে উঠতে দেয়নি।বিতর্কে যাঁর নাম এসেছে, সেই বীরেন্দর শেবাগ অবশ্য অসি গণমাধ্যমের এসব কথা উড়িয়ে দিতেই চেয়েছেন। অস্ট্রেলিয়ার দ্য এইজকে দেওয়া এক সাক্ষাত্কারে শেবাগ বলেছেন, ‘যখন কোনো দল হারতে থাকে, তখন এ ব্যাপারগুলো উঠে আসে। ভারতীয় দল নিয়ে যেসব কথা হচ্ছে, সেগুলোতে কোনো সত্যতা নেই।’দ্য এইজের পক্ষ থেকে শেবাগকে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে বলা হয়েছিল। কিন্তু কোড অব কন্ডাক্টের দোহাই দিয়ে শেবাগ এর চেয়ে বেশি কিছু বলতে রাজি হননি। তিনি বলেছেন, ‘দেখুন এসব নিয়ে বিস্তারিত কথা বলা যাবে না। কোড অব কন্ডাক্ট আছে। তবে আমি এতটুকু বলতে পারি, অস্ট্রেলীয় গণমাধ্যমে ভারতীয় দল নিয়ে যেসব কথা উঠছে, সেগুলোর সবই মিথ্যা ও বানোয়াট।’