অসি গণমাধ্যমে ভারতীয় দলের ব্যবচ্ছেদ
পর পর দুই দুইটি টেস্টে হার। ভারতীয় দলের ভেতর কি ভাঙনের সুর বেজে উঠলো? ভেঙে গেল কি মহেন্দ্র সিং ধোনির টিম-ইন্ডিয়া? নাকি বরাবরের মতোই অসি গণমাধ্যমের তোপের মুখে পড়েছে হেরে যাওয়া দলটি। ব্যাপার যা-ই হোক, পুরো ব্যাপারটিই ভারতীয়দের জন্য কাটা ঘায়ে নুনের ছিটার মতোই মনে হচ্ছে।ব্যাপারটি চাউর হয় হেরাল্ড সান পত্রিকায়। সেখানে বীরেন্দর শেবাগ ভারতীয় দলে বিভক্তির কথা বলেন। অসি পেসার রায়ান হ্যারিস নাকি একই পত্রিকায় বলেছেন, ভারতীয় দলের খেলোয়াড়েরা নিজেদের মধ্যেই লড়াইয়ে ব্যস্ত। দলে কোনো একতা নেই। ওই পত্রিকা আরও লিখেছে, দলটির খেলোয়াড়েরা অধিনায়ক নিয়ে দুই মেরুতে ভাগ হয়ে গেছে। কেউ বলছে শেবাগকে অধিনায়ক করা হোক। অন্যরা বলছে অধিনায়ক হিসেবে ধোনি ঠিকই আছেন। হোটেলেও নাকি খেলোয়াড়দেরকে একসঙ্গে দেখা যায় না। তাদেরকে কয়েকটি গুচ্ছে চলাচল করতে দেখা যায়। যেমন- মহেন্দ্র সিং ধোনির দেখা মিললে তার সঙ্গে ইরফান পাঠান আর সুরেশ রায়নাকেও দেখা যায়। আর জহির খান, যুবরাজ সিং আর হরভজন সিংকে দেখলে মনে হয় তারা যেন শচীনেরই লোক। মূলত, ইশারা-ইঙ্গিতে হেরাল্ড সান বলতে চেয়েছে এই তিনজনই শচীনের চরম সমর্থক, বিশ্বস্ত কিংবা খয়ের খাঁ গোছের লোক। অবশ্য, রবার্ট ক্র্যাডক নামের ওই লেখকের এই বক্তব্য সঠিক কিনা- তা জানা যায় নি। দেশের বাইরে ভারতের বাজে পারফরম্যান্সই ওই পত্রিকা বেশি তুলে ধরেছে। মূলত, সফরকারী দলটিকে ব্যঙ্গ-বিদ্রূপের উপলক্ষ বানিয়ে ছেড়েছে পত্রিকাটি। ওই পত্রিকা লিখেছে, দেশের বাইরে আরেকটি সিরিজে শোচনীয়ভাবে হেরে ভারতীয় দল এখন দিগ্বিদিকশূন্য হয়ে পড়েছে।তারা যেন শম্ভূক গতিতে অতি ব্যস্ত কোনো সড়ক পার হচ্ছে।সবকালেই ভারতীয় দলে চমত্কার ও অসাধারণ সব খেলোয়াড় খেলেছেন। গাভাস্কারের পর এখন খেলে যাচ্ছেন টেন্ডুলকার, দ্রাবিড়ের মতো আদর্শ টেস্ট খেলোয়াড়। দলটিতে আছে জহির খানের মতো লড়াকু ফাস্ট বোলার। এছাড়া দীর্ঘদিন ধরে দলটিকে অসাধারণ সেবা দিয়ে গেছেন জাভাগাল শ্রীনাথ। আর চিরকালজুড়ে ভারতের অনেক মেধাবী স্পিনার ক্রিকেট বিশ্বকে মাতিয়েছেন। তারপরও দলটি দেশের বাইরে জিতেছে মাত্র ১৫টি টেস্ট সিরিজ। তার মধ্যে আবার পাঁচটি হলো জিম্বাবুয়ে ও বাংলাদেশের বিপক্ষে। হেরাল্ড সানের ওই লেখায় কেবল ভারতীয় দলের পারফরমেন্সকেই আঘাত করা হয় নি, তাদের ধর্মীয়, সাংস্কৃতিক ও ভাষাগত বৈচিত্র্য নিয়েও মন্তব্য করা হয়েছে। বলা হয়েছে, দলটিতে আটটি বিভিন্ন ভাষাভাষীর খেলোয়াড় আছে। আছে চারটি ভিন্ন ধর্মের অনুসারী খেলোয়াড়। তাদের খাওয়া-দাওয়া ও দৈনন্দিন জীবনাচারেও রয়েছে ব্যাপক ভিন্নতা। খাওয়া-দাওয়ায়ও রয়েছে ব্যাপক ভিন্নতা। ফলে একটি দল হয়ে একতা বজায় রেখে খেলার জন্য দলটির খেলোয়াড়েরা রীতিমতো সংগ্রাম করে। খেলায় জয়-পরাজয়ের চেয়েও দলটির কাছে নিজেদের খেলোয়াড়দের মধ্যে একতা বজায় রাখাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়।