বিশ্বকাপে টানা ৩০ ম্যাচে অপরাজিত অস্ট্রেলিয়া। ১৯৯৯ সালের ২৩ মে হেডিংলিতে পাকিস্তানের বিপক্ষে শেষ হেরেছিল তারা। সেই থেকে কাল পর্যন্ত হওয়া বিশ্বকাপের পরিসংখ্যানে তাকালেই বোঝা যাবে কেন অস্ট্রেলিয়ার এই আধিপত্য। এ সময়ে কমপক্ষে ২০০ রান করা ৭১ জন ব্যাটসম্যানের মধ্যে গড়ের দিক দিয়ে সবার আগে চার অস্ট্রেলিয়ান—ওয়াটসন (১১২.০০), সাইমন্ডস (১০৩.০০), ক্লার্ক (৯৮.৮০) ও স্টিভ ওয়াহ (৯৭.৬৬)। চার-ছয়ও বেশি মেরেছেন তাঁরা, গিলক্রিস্ট ১৫৮ বার এবং পন্টিং-হেইডেন ১২৯ বার করে বলকে সীমানা ছাড়া করেছেন। সর্বাধিক নয়টি করে ৫০ ছাড়ানো ইনিংস খেলেছেন গিলক্রিস্ট ও পন্টিং। ম্যাকগ্রা পেয়েছেন সর্বাধিক উইকেট (৬২টি) ও মেডেন (৩১টি)। কমপক্ষে ৮ উইকেট পাওয়া বোলারদের মধ্যে কার্পণ্যে সেরা জেসন গিলেস্পি, ওভারপ্রতি তিনি দিয়েছেন মাত্র ৩.২৬ রান। এরপর আছেন অ্যান্ডি বিকেল (৩.৪৫), নিউজিল্যান্ডের শেন বন্ড (৩.৫০) এবং অস্ট্রেলিয়ারই শেন ওয়ার্ন (৩.৫৬) ও নাথান ব্র্যাকেন (৩.৬০)।