অসিদের দারুণ এক জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শুক্রবার এই পার্থেই আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৭০ রানে অলআউট হয়ে গিয়েছিল। আজ একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুক্রবারের মতোই কিছু ঘটাতে যাচ্ছিল ক্যারিবীয়রা। ৯৮ রানে ৬ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে খাদের কিনারা থেকে তুলে নিয়ে আসেন জর্জ বেইলি। ১১০ বলে ১২৫ রানের এক অসাধারণ ইনিংস খেলে বেইলি অস্ট্রেলিয়াকে কেবল বিপর্যয়ের হাত থেকে রক্ষাই করেননি, স্কোর বোর্ডে এনে দেন ২৬৬ রানের এক দারুণ সংগ্রহ। ওই রান পুঁজি করে শেষ অবধি ম্যাচটি ৫৪ রানে জিতেছে অস্ট্রেলিয়া। ২৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয়েছে ২১২ রানে। ম্যাচের প্রথম অংশে বেইলি যেমন ছিলেন অসিদের নায়ক। দিন শেষে টানা দ্বিতীয় ম্যাচে পাঁচ উইকেট তুলে নিয়ে অসিদের নায়ক মাইকেল স্টার্ক। অস্ট্রেলিয়ার নিয়মিত ওপেনার ডেভিড ওয়ার্নারের পরিবর্তে আজ মাঠে নেমেছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত অসি উসমান খাজা। তবে ব্যাট হাতে নেমে কাজের কাজ কিছুই করতে পারেননি। ওয়ার্নারবিহীন অস্ট্রেলিয়া টসে হেরে ব্যাট করতে নেমে প্রথমেই পড়ে যায় বিপর্যয়কর পরিস্থিতিতে। ১৬ রানে প্রথম উইকেট হারানো অস্ট্রেলিয়া এক পর্যায়ে পরিণত হয় ৯৮/৬-এ। অস্ট্রেলিয়াকে ভয়াবহ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন মিডল অর্ডার ব্যাটসম্যান জর্জ বেইলি। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি তুলে নেন তিনি অসামান্য দক্ষতায়। তাঁর যোগ্য সঙ্গী হয়ে ছিলেন জেমস ফালকনার। ফালকনার ৩৯ রান করেন। বেইলি ইনিংসের শেষ ওভারে ডোয়াইন ব্রাভোকে পার্থের ওয়াকা মাঠের চারদিকে আছড়ে ফেলেন নিদারুণ নিষ্ঠুরতায়। তাঁর ওভারের ৬টি বল থেকে ২৫ রান তুলে নিয়ে দলকে নিয়ে যান লড়াকু সংগ্রহের দিকে। বেইলি ও ফালকনারের পাশাপাশি অস্ট্রেলিয়ার পক্ষে তৃতীয় সর্বোচ্চ সংগ্রহটি ছিল ফিলিপ হিউজেসের (২১)। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে অসি শিবিরে ঝড় তুলেছিলেন অধিনায়ক ড্যারেন স্যামি। ৪৮ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নেন তিনি। স্যামির পাশাপাশি জেসন হোল্ডার, কেমার রোচ, ডোয়াইন ব্রাভো ও সুনীল নারাইন প্রত্যেকেই তুলে নেন একটি করে উইকেট।২৬৭ রানের লক্ষ্যমাত্রা ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটাই ছিল বিপর্যয়কর। দলীয় ১০ রানে ক্রিস গেইল ও রামনরেশ সারোয়ানের উইকেট হারিয়ে শুরুতেই বড় ধরনের ধাক্কা খায় ক্যারিবীয়রা। ৩৩ রানের মাথায় ড্যারেন ব্রাভো ফেরেন। চতুর্থ উইকেট জুটিতে ডোয়াইন ব্রাভো ও কাইরেন পাওয়েলের মধ্যে গড়ে ওঠা ১২৬ রানের জুটিটি অবশ্য ওয়েস্ট ইন্ডিজকে স্বপ্ন দেখাচ্ছিল। কিন্তু ব্যক্তিগত ৮৩ রানে পাওয়েল স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেলে সেই স্বপ্নে বড় ধরনের ধাক্কা লাগে। ব্রাভোর ব্যাট থেকে আসে ৪৫ রান। এর পরই হুড়মুড়িয়ে ধসে পড়ে ক্যারিবীয়দের মিডল অর্ডার। কাইরন পোলার্ড এক, ডেভন টমাস শূন্য ও ড্যারেন স্যামি ফেরেন আট রানে। শেষ দিকে অবশ্য সুনীল নারাইন ২৪ রান করে কিছুটা লড়াইয়ের চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। মাইকেল স্টার্কের ৫ এবং গ্লেন ম্যাক্সওয়েলে ৪ উইকেট ক্যারিবীয়দের কফিনে ঠুকে দেয় সবকটি পেরেক। টানা দ্বিতীয় ম্যাচে স্টার্ক তুলে নিলেন পাঁচ উইকেট। ম্যাক্সওয়েল আইপিএলে এক মিলিয়ন ডলারে বিকোনোর দিনে দারুণ পারফরম্যান্স দিয়ে দলের বিজয়ে রাখলেন অনন্য অবদান। রয়টার্স।