অসিদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কম: স্টিভ ওয়াহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৯ সালে ইংল্যান্ডে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন স্টিভ ওয়াহ। অসি ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এ খেলোয়াড় আসন্ন বিশ্বকাপ ক্রিকেটে শিরোপা জয়ের ক্ষেত্রে নিজ দেশের চেয়ে ভারত ও শ্রীলঙ্কাকেই এগিয়ে রাখার পক্ষপাতি। তিনি বলেছেন, ‘ভারত ও শ্রীলঙ্কা এবারের বিশ্বকাপ জয়ে শক্তিশালী দাবিদার। তবে এ ক্ষেত্রে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়াকে রাখা যেতে পারে। সে ক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা একটু কমই বলব আমি।’ গতকাল মুম্বাইয়ে বিশ্বকাপ জয়ী অধিনায়কদের এক পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিতে এসে তিনি এ কথা বলেন।অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কম দেখলেও দলটিকে একেবারে ফেলে দেওয়ার মতো মনে করেন না ‘মি. আয়রনম্যান’ খ্যাত স্টিভ ওয়াহ। তবে তিনি নিজ দেশের মাঠে খেলা অনুষ্ঠিত হওয়ার কারণে ভারতকেই বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় এগিয়ে রাখতে চান। শ্রীলঙ্কাকে তিনি মনে করেন, বিশ্বকাপ জয়ের জন্য শক্তিশালী দাবিদার।বিশ্বকাপ ক্রিকেটকে ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর হিসেবে অভিহিত করে বলেন, এ প্রতিযোগিতায় সাতটি দল রয়েছে, যারা প্রত্যেকেই কাপ জিততে পারে।বাজেভাবে ইংল্যান্ডের কাছে অ্যাশেজ হারানোর পর অস্ট্রেলিয়াকে হিসেবের বাইরেই ফেলে দিয়েছিলেন ওয়াহ। তবে, ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ইংল্যান্ডকে নাস্তানাবুদ করার পর নিজের দেশে প্রতি বিশ্বাস ফিরে এসেছে তাঁর। গতকাল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের ৩৩৩ রান তাড়া করে দারুণ এক জয় পাওয়ার পর অস্ট্রেলিয়াকে হিসেবের মধ্যেই রাখতে হবে বলে মনে করেন স্টিভ ওয়াহ। তিনি বলেন, ‘ভুলে গেলে চলবে না, অস্ট্রেলিয়া এখনো ওয়ানডের শীর্ষ দল। এ দলে শন টেইট, ব্রেট লি ও মিচেল জনসনের মতো বোলাররা রয়েছেন, যাঁরা প্রত্যেকেই ম্যাচ উইনার। ব্যাটসম্যানরাও যে ভালো সেটার প্রমাণ তো তাঁরা সিডনির ষষ্ঠ ওয়ানডেতেই রাখল। রিকি পন্টিং ইনজুরি থেকে ফিরলে এই লাইনআপ আরও শক্তিশালী হবে।’ অস্ট্রেলিয়া দল বিপর্যয়কর পরিস্থিতিতেই সবচেয়ে ভয়ংকর হিসেবে মনে করেন ওয়াহ। তিনি বলেন, ‘দেয়ালে পিঠ ঠেকে গেলে অস্ট্রেলিয়ার চেয়ে ভয়ংকর দল আর কেউ হতে পারে না। তার প্রমাণ অতীতে অনেকবারই রেখেছে দলটি।’ ক্রিকইনফো।