অসিদের মানসিকভাবে শক্ত থাকার আহ্বান ল্যাঙ্গারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এক দশকে অস্ট্রেলিয়ার এত বাজে সময় আর আসেনি। শ্রীলঙ্কার বিপক্ষে নিজের মাঠে ওয়ানডে সিরিজ হারা, ভারতের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়া, সর্বশেষ ১০ ওয়ানডের সাতটিতেই পরাজয়; ফলগুলো কেমন যেন অদ্ভুত ঠেকছে অসিদের কাছে। এত বাজে পরফরম্যান্সের সঙ্গে পরিচয় নেই দেশটির আস্ত এক প্রজন্মেরই। অনেক বছর পর অ্যাশেজে ইংল্যান্ডকে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরিষ্কার ফেবারিট হিসেবেই দেখছেন অনেকে। সংখ্যাগরিষ্ঠের মত, এবারের অ্যাশেজে ইংলিশদের কাছে শোচনীয়ভাবেই হারতে যাচ্ছে অসিরা। এমনকি ‘দেশপ্রেমিক’ অস্ট্রেলীয় সাবেকেরাও অ্যাশেজে ইংল্যান্ডকে ফেবারিট মানছেন। এঁদের মধ্যে রয়েছেন শেন ওয়ার্ন, অ্যাডাম গিলক্রিস্টের মতো খেলোয়াড়েরা।তবে এ ব্যাপারে উল্টো মতও রয়েছে। সাবেক অসি ওপেনার জাস্টিন ল্যাঙ্গার মনে করেন, মানসিকভাবে শক্ত হলেই অনেক দুর্বলতাই কাটিয়ে ওঠা সম্ভব। তিনি কারও কথায় কান না দিয়ে অস্ট্রেলীয় খেলোয়াড়দের মানসিকভাবে শক্ত থাকার আহ্বান জানিয়েছেন। বর্তমানে অস্ট্রেলিয়া দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন ল্যাঙ্গার দলের মধ্যে অনুপ্রেরণাদায়ক কথাবার্তা বলার জন্য তাঁর যথেষ্ট সুনাম আছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। সান হেরাল্ড পত্রিকাকে দেওয়া এক সাক্ষাত্কারে ল্যাঙ্গার বলেছেন, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা এর আগে অনেক সাফল্য পেয়েছে, আর এখন কারা কী ভাবছে বা ইংল্যান্ড কী করছে—এগুলো নিয়ে না ভেবে তাদের মানসিকভাবে দৃঢ় হতে হবে। অ্যাশেজ সিরিজে সেরা দলটাই জিতবে। আর আশা করছি আমরাই সেরা।’গত তিন বছরে শেন ওয়ার্ন, গ্লেন ম্যাগগ্রা, অ্যাডাম গিলক্রিস্ট ও ম্যাথু হেইডেন অবসর নেওয়ায় অস্ট্রেলিয়া দলে একটা শূন্যতা তৈরি হয়েছে বলে মনে করেন অনেকেই। কিন্তু তার পরও এখনো অস্ট্রেলিয়া দলটা, বিশেষত এর ব্যাটিং লাইনআপ যথেষ্ট শক্তিশালী আর অ্যাশেজ সিরিজে ইংলিশ বোলারদের যথেষ্ট ঘাম ঝরাতে হবে বলে আশাবাদী ল্যাঙ্গার। ওয়েবসাইট।