অসিদের ‘হাই পারফরম্যান্স’ পরামর্শক লিলি
কিংবদন্তি ফাস্ট বোলার ডেনিস লিলিকে হাই পারফরম্যান্স দলের পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। শেন ওয়ার্ন ক্রিকেট অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় কর্মকর্তাদের ‘অপদার্থ’ বলে অভিহিত করার এক দিন পর এই ঘোষণা এলো।আজ বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, জাতীয় দলসহ উদীয়মান ফাস্ট বোলারদের কোচিং ও তাঁদের দেখভাল করবেন লিলি। বার্তায় জানানো হয়, খেলোয়াড়দের সঙ্গে সরাসরি কাজ করবেন লিলি। তবে জাতীয় দলের সঙ্গে খুব একটা বিদেশ সফর তিনি করবেন না।দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টির দুটিতেই অস্ট্রেলিয়া হেরে যাওয়ার পর গতকাল ক্ষোভ প্রকাশ করেন শেন ওয়ার্ন। ‘রোটেশন নীতি’র ওপর বিরক্ত ওয়ার্ন টুইটারে একহাত নেন ক্রিকেট অস্ট্রেলিয়াকে। প্রশ্ন তোলেন ক্রিকেটের বাইরের লোকজনকে ক্রিকেটে জড়িত করার যৌক্তিকতা নিয়েও। ক্রিকেট অস্ট্রেলিয়ার হাই পারফরম্যান্স ম্যানেজার হাওয়ার্ড। অস্ট্রেলিয়া দলে রোটেশন নীতির অন্যতম এই উদ্যোক্তা আদতে সাবেক রাগবি খেলোয়াড়। ওয়ার্নের তোপটা ছিল মূলত হাওয়ার্ডের ওপরই।হাওয়ার্ডের প্রতি ইঙ্গিত দিয়ে ৪৩ বয়সী ওয়ার্ন বলেন, ‘দল নির্বাচন, রোটেশন, খেলোয়াড়দের বসিয়ে রাখা সব কিছু একেবারে ফালতু ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। নানা অজুহাত দেখিয়ে দিয়ে এসব করে লোকজনের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।’ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাউদারল্যান্ড জানিয়েছেন, বর্তমান নির্বাচক প্যানেলের প্রতি পূর্ণ সমর্থন রয়েছেন ডেনিস লিলির। ওয়ার্নের বক্তব্যের প্রতিক্রিয়ায় সাউদারল্যান্ড বলেন, ‘শেন ওয়ার্ন এক ধরনের কথা বলছেন, তবে ডেনিস লিলি বলছেন ভিন্ন কথা। এটা লিখিত কোনো ব্যাপার নয়, বিতর্ক হতেই পারে।’ সূত্র: রয়টার্স।