
ইলেকট্রনিকস স্কোরবোর্ডের ঘড়িটা থামার অপেক্ষায়। মাত্র ২৮ সেকেন্ড পরই শেষ বাঁশি বাজাবেন আম্পায়ার। বিশ্ব হকি লিগের প্রথম পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩-২-এ এগিয়ে বাংলাদেশ। জয়ের উচ্ছ্বাস নিয়েই মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন ডাগ-আউটে বসা খেলোয়াড় ও কর্মকর্তারা।
হঠাৎ করেই পেনাল্টি কর্নার (পিসি) আদায় করে নিল শ্রীলঙ্কা। নিয়ম অনুসারে গোল হলে বা পিসি সঠিকভাবে নেওয়া হলেই শেষ বাঁশি বাজবে। কিন্তু আবারও পিসি পেল শ্রীলঙ্কা। এভাবে টানা তৃতীয় পিসি পেয়েও সুযোগ কাজে লাগাতে পারল না তারা। নাটকীয়তার আরও বাকি ছিল তখনো! এবার পেনাল্টি স্ট্রোকের সিদ্ধান্ত দেন আম্পায়ার। হিট নিতে এলেন লাহিরু বীরাসুরিয়া। কিন্তু গোলরক্ষক অসীম গোপ বলেই কি না বাংলাদেশের আশার সলতেটা নেভেনি। এবং শেষ পর্যন্ত লাহিরুর হিটটি ডান দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দিলেন সিলেটের তরুণ গোলরক্ষক।
টার্ফের ওপর অসীমকে জড়িয়ে তখন শুরু হয়ে গেছে আনন্দনৃত্য। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচ দেখতে আসা শ-পাঁচেক দর্শকও উল্লাস শুরু করে দিয়েছে। সহজ একটা ম্যাচ শেষ পর্যন্ত অনেক কঠিন করেই জিতল বাংলাদেশ।
এই শ্রীলঙ্কা দলের সঙ্গেই গত মার্চে এশিয়ান গেমসের বাছাইপর্বে নাটকীয়ভাবে জিতেছিল বাংলাদেশ। ওই ম্যাচেও টাইব্রেকারে ৩টি পেনাল্টি স্ট্রোক ঠেকিয়েছিলেন অসীম। শ্রীলঙ্কার বিপক্ষে সব সময়ই যেন জয়ের প্রতীক হয়ে ওঠেন বিকেএসপির সাবেক গোলরক্ষক। কালও ম্যাচসেরা অসীমই বাঁচালেন দলকে।
অথচ ম্যাচের ৪ মিনিটে হাসান যুবায়েরের গোলে দারুণ একটা শুরুর আভাস মিলছিল। কিন্তু ১৩ মিনিটেই সমতা ফেরান শ্রীলঙ্কার সাদারুয়ান প্রিয়লঙ্কা। ২২ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে স্কোর ২-১ করেন কৃষ্ণ কুমার। ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে খোরশেদ করেন ৩-১। ম্যাচের চার মিনিট বাকি থাকতে স্কোর ২-৩ করেন সেই সাদারুয়ান।
এশিয়ান গেমসের প্রস্তুতির আগে নিজেদের ঝালাই করে নেওয়ার দারুণ সুযোগ পেয়েছে বাংলাদেশ। কিন্তু প্রথম ম্যাচেই দেখা গেল মাঝমাঠের ছন্নছাড়া অবস্থা। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের খেলায় যেন কোনো পরিকল্পনাই ছিল না। কোচ বলেছিলেন রক্ষণকে জমাট রেখে প্রতি-আক্রমণে যাবে দল, কিন্তু কোচের কথার কোনো প্রমাণ মেলেনি মাঠে। বরং ক্লান্ত বিধ্বস্ত খেলোয়াড়েরা যেন ম্যাচ শেষের অপেক্ষা করছিলেন।
খেলোয়াড়দের এমন পারফরম্যান্সে মোটেও সন্তষ্ট নন কোচ নাভিদ আলম, ‘আমরা ৬-৭টা নিশ্চিত গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি। প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি ছেলেরা। মনে হয়, একটু বেশি চাপ নিয়ে ফেলেছে। কারণ শ্রীলঙ্কা তাদের সেরা খেলাটা সব সময় বাংলাদেশের বিপক্ষেই খেলে।’ শ্রীলঙ্কান কোচ নাদিম আহমেদ দুষলেন দুর্ভাগ্যকে, ‘এই হারের জন্য শুধু লাহিরুকে দোষ দেব না। পেনাল্টি মিস খেলারই অংশ। আসলে আজ ভাগ্য আমাদের পক্ষে ছিল না।’