অসুখী জন্মদিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন জন্মদিন কি চেয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা! চাওয়াটা খুব বেশি ছিল না, জন্মদিনে কাছে চেয়েছিলেন নিজের প্রিয় মুখগুলোকে, নিজের সন্তানদের। বিমানের টিকিটও পাঠিয়েছিলেন। কিন্তু প্রিয় দুই মেয়ে দালমা ও জিয়ান্নিনা এবং নাতি বেঞ্জামিন আসেননি ছিয়াশির বিশ্বকাপজয়ী নায়কের জন্মদিনের উৎসবে। গত রোববার ছিল ম্যারাডোনার ৫৬তম জন্মদিন। সেটির উদ্যাপন হলো মঙ্গলবার, দুবাইয়ে ম্যারাডোনার বাড়িতে। বান্ধবী রোসিও অলিভা, দুই সন্তান ইয়ানা ও ডিয়েগো জুনিয়র ছিলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের জন্মদিন-উৎসবে। কিন্তু যাঁরা ছিলেন না, তাঁদের নিয়েই দুঃখ আর্জেন্টাইন কিংবদন্তির। ফেসবুকে লিখেছেন, ‘অসাধারণ জন্মদিন কেটেছে আমার। কিন্তু আমি খুব আশা করেছিলাম দালমা, জিয়ান্নিনা ও বেঞ্জামিন হোয়াটসঅ্যাপে একটা বার্তা বা একটা ভিডিও অন্তত পাঠাবে আমাকে। কিন্তু কিছুই পেলাম না।’ মার্কা।