অসুখী বাংলাদেশ

কোথায় যেন সুরের ছন্দপতন। কেটে গেছে তাল। খলবলানো আত্মবিশ্বাসের জায়গায় অদৃশ্য নিরাপত্তাহীনতা। অনুশীলনের হাসি-আনন্দ আর দুষ্টুমির আড়ালে যেন লুকিয়ে চাপা ক্ষোভ। অসন্তোষ। সব মিলিয়ে সুখী সংসারের ছবিটা হারিয়ে গেছে বাংলাদেশ দল থেকে।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের অধিনায়কত্ব নিয়ে বিতর্কের শুরু। তামিম ইকবাল সহ-অধিনায়ক থাকার পরও মুশফিকুর রহিমের অনুপস্থিতিতে অধিনায়ক করা হলো মাশরাফি বিন মুর্তজাকে। সিদ্ধান্তটা এমনই বিস্ময়কর ছিল, মাশরাফির নিজেরও তা মানতে কষ্ট হচ্ছিল। এরপর মাঠের ব্যর্থতা আর বাইরের বিতর্ক সমান্তরালে পাল্লা দিয়ে চলল। ব্যর্থতার গ্লানির সঙ্গে দলের পরিবেশ গুমোট হতে থাকল টুকরো টুকরো ক্ষোভে। এশিয়া কাপের দল নিয়ে মুশফিকের প্রকাশ্যে বিস্ফোরণ সেই আগ্নেয়গিরিরই উদিগরণ।
মুশফিকের কথার ‘চাবুক’ এটাও জানিয়ে দিল, দলের ভেতর তৈরি গুমোট হাওয়া প্রধান নির্বাচক ফারুক আহমেদের সঙ্গে তাঁর দ্বন্দ্বের জের। গত কয়েক দিনে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে একটা ব্যাপার নিশ্চিত—মুশফিক-জার্গেনসেনের সঙ্গে ফারুক আহমেদের নির্বাচক কমিটির সংসারে সুখের বাতাবরণ নেই। ব্যক্তিত্বের দ্বন্দ্ব এখানে প্রকট। পারস্পরিক সহনশীলতার অভাব সম্পর্কটাকে যে জায়গায় নিয়ে গেছে, তাতে তিলে তিলে গড়ে ওঠা সুন্দর সাজানো বাগানের মতো ‘টিম বাংলাদেশ’ এখন অনেকটাই ছন্নছাড়া। ঘরের মাঠের এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে যার প্রভাব পড়তে শুরু করেছে খেলোয়াড়দের মাঠের পারফরম্যান্স এবং মাঠের বাইরের আচরণে। মুশফিক তো টুর্নামেন্ট শুরুর আগেই বলে দিয়েছেন, এশিয়া কাপ নিয়ে বড় স্বপ্ন না দেখাই ভালো।
মুশফিকুর রহিমের ড্রেসিংরুমে এখন মূল আলোচনার বিষয় ফারুক আহমেদের ‘স্বেচ্ছাচারিতা’। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের একাদশ নিয়ে অধিনায়কের সঙ্গে টানাপোড়েন, হারার পর ড্রেসিংরুমে ক্ষোভ প্রকাশের ধরন খেলোয়াড়দের মনেও উল্টো ক্ষোভের জন্ম দিয়েছে। প্রথম ওয়ানডেতে আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার পর ফারুকের মন্তব্যে ক্ষুব্ধ অধিনায়ক ঘুষি মেরে ড্রেসিংরুমের স্লাইডিং ডোরের কাচ ভেঙে হাতও কেটেছেন। ক্ষোভ আছে কোচ জার্গেনসেনেরও। নির্বাচক কমিটির অনেক সিদ্ধান্তে দ্বিমত আছে তাঁর, এমনটাই জানিয়েছে সূত্র। দলের অন্য খেলোয়াড়দের মনোভাবও প্রায় এক। শ্রীলঙ্কা সিরিজ চলাকালে টিম হোটেলে দলের এক সিনিয়র খেলোয়াড় ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খানের কাছে ক্রিকেটারদের সঙ্গে প্রধান নির্বাচকের রূঢ় আচরণের ব্যাপারে সরাসরি আপত্তি জানিয়েছেন। এসব ব্যাপারে কাল রাতে চেষ্টা করেও ফারুক আহমেদের বক্তব্য জানা যায়নি। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডের পর ভারত সফরে যাওয়া প্রধান নির্বাচকের মুঠোফোন বারবারই বন্ধ পাওয়া গেছে।
নির্বাচকদের ওপর খেলোয়াড়দের ক্ষোভ কোন পর্যায়ে গেছে, তা আরও বেশি স্পষ্ট হয়েছে এশিয়া কাপের দল নির্বাচন নিয়ে মুশফিকের গত পরশুর প্রতিক্রিয়া পুরো দলের সমর্থন পাওয়ায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক খেলোয়াড়ের মন্তব্য, ‘ক্যাপ্টেন হয়তো কথাটা বলে ঠিক করেনি। তবে আজ (কাল) ড্রেসিংরুমে সবাই বলেছে, কাজটা খুব ভালো হয়েছে। আমাদের চোখের সামনে এ রকম একটা সেটেল টিম নষ্ট হয়ে যেতে পারে না।’ জানা গেছে, পরশু স্টেডিয়াম উদ্বোধন করতে গিয়ে কক্সবাজারেও বোর্ড কর্মকর্তাদের আলোচনায় উঠে এসেছে নির্বাচক কমিটির সঙ্গে টিম ম্যানেজমেন্টের দূরত্বের বিষয়টি।
দল নির্বাচনের ব্যাপারে নির্বাচকদের ‘পরিবর্তনশীল’ মানসিকতা নিয়েও প্রশ্ন আছে খেলোয়াড়দের। এটা নাকি সবার মধ্যেই একধরনের নিরাপত্তাহীনতা তৈরি করেছে। এমনকি দলের বড় খেলোয়াড়দের মধ্যেও। এক খেলোয়াড়ের দাবি, পরিস্থিতিটা এমন হয়ে গেছে, দলে জায়গা ধরে রাখতে সবাই নিজের পারফরম্যান্স নিয়েই বেশি চিন্তিত। দলীয় চাহিদা নিয়ে ভাবার মতো মানসিক অবস্থাই নেই কারও।
নির্বাচকদের সঙ্গে দল ও টিম ম্যানেজমেন্টের দূরত্বটা বুঝতে পারছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানও। এই দূরত্ব কমাতে একটা উদ্যোগের কথাও জানালেন কাল, ‘আমি কাল (আজ) মুশফিক আর প্রধান নির্বাচক ফারুক ভাইকে নিয়ে বসে সব ঠিক করে দেব। চেষ্টা করব, ভবিষ্যতে এ ধরনের সমস্যা যাতে আর তৈরি না হয়।’
আকরাম খানের জন্য কাজটা সহজ হবে না বোধ হয়। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান হিসেবে তিনি প্রধান নির্বাচকের ‘বস’। কিন্তু ব্যক্তি ফারুক আহমেদ যে তাঁর একসময়ের অধিনায়ক, আত্মীয়তার সম্পর্কে ভায়রাও!