অসুস্থ মায়ের পাশে সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা অসুস্থ জানতেন। কিন্তু সেটা যে হাসপাতালে ভর্তি হওয়ার মতো, প্রথমে বুঝতে পারেননি সাকিব আল হাসান। পরশু সকালে খবরটা পেয়ে সন্ধ্যায়ই চলে আসেন ঢাকায়। আইপিএলে খেলার চেয়ে এ মুহূর্তে মায়ের পাশে থাকাটাই জরুরি মনে হয়েছে তাঁর কাছে। মা সুস্থ হওয়ার আগ পর্যন্ত ফিরছেনও না ভারতে।কাল সকালে যখন এই প্রতিবেদকের সঙ্গে টেলিফোনে কথা হয়, সাকিব তখনো অ্যাপোলো হাসপাতালে। তাঁর মা আইসিইউতে, একটু পরপর ভেতরে গিয়ে দেখে আসছেন। ‘ডাক্তার বলেছেন, আজ (গতকাল) আগের চেয়ে একটু ভালো। টেনশন না করতে। তবে প্রকৃত অবস্থা বোঝা যাবে কাল (আজ) সব টেস্টের রিপোর্ট হাতে পাওয়ার পর। এসব ক্ষেত্রে সবকিছু বুঝতে ৭২ ঘণ্টার মতো সময় লাগে’—বলছিলেন সাকিব। সন্ধ্যার খবর, কয়েকটি রিপোর্ট হাতে পাওয়ার পর মাকে নিয়ে অনেকটাই নিশ্চিন্ত তিনি। আজ আইসিইউ থেকে কেবিনে নিয়ে আসা হতে পারে তাঁর মাকে। সে ক্ষেত্রে হয়তো আজ রাতে বা কাল ভারতে যাবেন সাকিব।মায়ের অসুস্থতার খবর পেয়ে পরশু সকালে ভারতে বসেই মাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন সাকিব। মূলত টাইফয়েডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও আরও কিছু শারীরিক সমস্যা আছে তাঁর মায়ের।সন্তানের কাছে মায়ের অসুস্থতার চেয়ে বড় আর কী হতে পারে! সাকিবও তাই কথাটা জানানোর পর কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আটকায়নি তাঁকে, ‘মা অসুস্থ, এটাই বলে এসেছি আমি ওদের। কবে ফিরব ঠিক নেই। মা সুস্থ না হওয়া পর্যন্ত দেশেই আছি।’ কিন্তু লম্বা অনুপস্থিতি যদি কেকেআরের সঙ্গে চুক্তিতে ফাটল ধরায়? আপাতত সেটাকে থোড়াই কেয়ার করছেন বাংলাদেশ অধিনায়ক, ‘এ ক্ষেত্রে চুক্তিতে কী আছে আমি জানি না। তবে আমার মনে হচ্ছে, আপাতত এখানে থাকাটাই জরুরি।’কেকেআরের হয়ে এবারের আইপিএলে প্রথম তিন ম্যাচেই ৭ উইকেট নিয়েছেন সাকিব। পরের দুই ম্যাচ তাঁকে বসিয়ে রাখা হলেও সাকিব বলেছেন, ‘টিম কম্বিনেশনের কারণেই দুই ম্যাচ খেলিনি। দলের প্রয়োজন হলে আবার খেলব।’মায়ের অসুস্থতাটাই যদিও মূল কারণ, কিন্তু পরপর দুই ম্যাচ মাঠের বাইরে থাকার পর সাকিবের ঢাকায় চলে আসাটার আবার অন্য অর্থ করবে না তো কেকেআর? সাকিব বোধহয় এই প্রশ্নে একটু বিরক্তই হলেন, ‘অন্যভাবে নেওয়ার তো কিছু নেই...।’