অসুস্থ সাঁতারুকে দেখতে গিয়ে আহত কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএ গেমস শুরু হতে আর মাত্র ২০ দিন বাকি। কিন্তু তার আগে বাংলাদেশ সাঁতার দলের ওপর যেন একের পর এক বিপদ যাচ্ছে। সম্প্রতি জন্ডিসে আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে বিশ্রাম নিচ্ছেন গত এসএ গেমসের সোনাজয়ী সাঁতারু শাহজাহান আলী রনি। পরশু তাঁকে দেখতে গিয়ে দুর্ঘটনায় পড়েছেন সাঁতারের কোরিয়ান কোচ পার্ক তে গুন। পরশু মিরপুর ১০ নম্বরের গ্যালাক্সি হাসপাতাল থেকে রনিকে দেখে ফেরার পথে ঘটে এ দুর্ঘটনা। পার্ককে বহনকারী রিকশাটিকে হঠাত্ই পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে রিকশা থেকে পড়ে যান কোচ। যদিও কোমরে ব্যথা নিয়ে কাল সাঁতারুদের অনুশীলন করিয়েছেন সুইমিং কমপ্লেক্সে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিত্সক দেবাশীষ বিশ্বাস কাল তাঁকে দেখার পর তিন দিনের বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। আজ কোরিয়ান দূতাবাসের চিকিত্সক কোচকে আবারও দেখবেন। এরপর ইউনাইটেড হাসপাতালে এমআরআই করাবেন পার্ক।