অসুস্থতায় নাকাল দক্ষিণ আফ্রিকা
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে কাল বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে দক্ষিণ আফ্রিকা। সমস্যা হলো, এই মুহূর্তে প্রোটিয়া দলের পাঁচজন ক্রিকেটার নানা ধরনের অসুস্থতায় ভুগছেন। এর বাইরে অলরাউন্ডার আলভি মরকেল পিঠের সমস্যার কারণে প্রথম ম্যাচে অনিশ্চিত। দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার মোহাম্মদ মোসাজি আজ বুধবার এ খবর নিশ্চিত করেছেন।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, অসুস্থতা ভর করেছে নিউজিল্যান্ড দলেও। দলের তিন ক্রিকেটার—ড্যানিয়েল ভেট্টোরি, টিম সাউদি ও রব নিকোল পেটের পীড়ায় ভুগছেন। নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ আগামী শুক্রবার বাংলাদেশের বিপক্ষে। অন্যদিকে কালই দক্ষিণ আফ্রিকাকে মাঠে নামতে হবে বলে তাদের সমস্যাটা প্রকট। তবে প্রোটিয়া দলের ম্যানেজার আশা করছেন, জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবেন ক্রিকেটাররা। কারও নাম প্রকাশ না করে মোসাজি বলেন, ‘দলের কয়েকজন ক্রিকেটার ভাইরাসজনিত সংক্রমণ, বমি ও ডায়রিয়ায় ভুগছেন। এটা আনন্দের যে তাঁদের দ্রুত উন্নতি হচ্ছে। আশা করছি, কাল মাঠে নামার আগেই আমাদের ক্রিকেটারা পুরো ফিট থাকবেন।’ আলভি মরকেল সম্পর্কে মোসাজি বলেন, ‘কাল সকালে আলভির ফিটনেস পরীক্ষা করা হবে। জিম্বাবুয়ের বিপক্ষে তাঁর খেলার সম্ভাবনা আছে। তবে আমরা কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না।’