অস্কার-রুনির চোটে দুশ্চিন্তার মেঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্কারের চোটই বেশি ভাবিয়ে তুলেছে ব্রাজিলকে ছবি: এএফপি
অস্কারের চোটই বেশি ভাবিয়ে তুলেছে ব্রাজিলকে ছবি: এএফপি

প্রতিটি বিশ্বকাপেরই এমন হয়। কঠিন মৌসুম শেষ করে চোট-টোট পুরোপুরি না সারতেই ফুটবলযজ্ঞে মাঠে নেমে যেতে হয় খেলোয়াড়দের। সে কারণে নিজের সেরা পারফরম্যান্সটা বিশ্বকাপের ময়দানে সেভাবে দিতে পারেন না তারকারা। অনেক সময় চোট শেষ করে দেয় তাঁদের বিশ্বকাপ স্বপ্নকেও। এর আগের বিশ্বকাপেও দেখা গেছে, শেষ মুহূর্তের চোট অনেক তারকাকেই উঠতে দেয়নি ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর সুসজ্জিত মঞ্চে।

বিশ্বকাপের আর মাত্র ৩৯ দিন বাকি থাকতে নিজেদের চোট নিয়ে ধুঁকছেন অনেক তারকা ফুটবলারই। জার্মানির স্যামি খেদিরা, কলম্বিয়ার রাদামেল ফ্যালকাও, ইতালির গিউসেপ্পে রসি, ব্রাজিলের অস্কার, ইংল্যান্ডের ওয়েইন রুনি—বলতে গেলে এই তালিকাটা বেশ দীর্ঘই হবে। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর কোচরা বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তিত। ফুটবলের পেশাদারি আঙ্গিনার এই খেলোয়াড়দের চোটে যেহেতু জাতীয় দলের কোচ ও ফিজিওর করার মতো কিছুই থাকে না, সেহেতু পুরো বিষয়টিই তাঁদের কাছে নিরন্তর এক উত্কণ্ঠা ও হতাশার বিষয়ে পরিণত হয়।

ইংলিশ গণমাধ্যমে ইতিমধ্যেই রুনির চোট নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। বিশেষ করে তাঁর চোটের মাত্রা নিয়ে লুকোচুরি এই জল্পনাকে আরও উসকে দিয়েছে। ইংল্যান্ড দলের ম্যানেজমেন্ট অবশ্য সাফ জানিয়ে দিয়েছে, রুনির বিশ্বকাপ খেলা নিয়ে কোনো সংশয় নেই। ইংল্যান্ড ম্যানেজমেন্ট অবশ্য রুনির ব্যাপারে আশাবাদটা ধরে রাখতেই চাইবে। চোট যে ইতিমধ্যেই কেড়ে নিয়েছে থিও ওয়ালকটকে।

এদিকে ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারি চিন্তিত অস্কারকে নিয়ে। নিতম্বের চোটের কারণে বেশ কিছু দিন ধরেই ভুগছেন অস্কার। সর্বশেষ তিনটি ম্যাচে তিনি ছিলেন না চেলসির জার্সি গায়ে। ওয়ার্ম-আপও করতে পারছেন না ঠিকমতো। এদিকে, ব্রাজিলের বিশ্বকাপ অভিযানে নেইমারের পাশাপাশি তিনিও দলের গুরুত্বপূর্ণ এক অনুষঙ্গ।

অস্কার, রুনি, ফ্যালকাও, খেদিরা, রসিদের সঙ্গী হয়েছেন আরও অনেকেই। থিও ওয়ালকটের কথা আগেই বলা হয়েছে। তাঁর বিশ্বকাপ খেলার সম্ভাবনা শেষই হয়ে গেছে বলা চলে। ওয়ালকটের পথ অনুসরণ করেছেন জ্যাক উইলশোরও। হল্যান্ডের কেভিন স্টুরম্যানেরও নাকি বিশ্বকাপ খেলার কোনোই সম্ভাবনা নেই। ওয়েবসাইট।