অস্কারের হ্যাটট্রিকে ব্রাজিলের পঞ্চম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেলে-রোনালদোদের ধরে ফেলেছেন ব্রাজিলের যুবারা। বড়দের মতো তাঁরাও এখন পাঁচটি বিশ্বকাপের মালিক। অস্কারের হ্যাটট্রিকে পর্তুগালকে ৩-২ গোলে হারিয়ে যুব বিশ্বকাপে পঞ্চম শিরোপা জিতেছে ব্রাজিল। ১৯৯১ সালের ফাইনালে পর্তুগালের কাছে হেরে শিরোপা-স্বপ্ন বিসর্জন গিয়েছিল। এবার সেই পর্তুগালকে হারিয়ে একটি প্রতিশোধও তাই নেওয়া হলো ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের। প্রতিশোধ-স্পৃহা ব্রাজিলের মধ্যে দেখা যায় যেন শুরু থেকেই। ম্যাচের ৫ মিনিটেই ব্রাজিলকে এগিয়ে দেন ইন্টারন্যাসিওনালের অ্যাটাকিং মিডফিল্ডার অস্কার।মিনিট চার পরেই অস্কারের গোলটি শোধ দেন অ্যালেক্স। ৫৯ মিনিটে পর্তুগাল আবার এগিয়ে যায় নেলসন অলিভিয়েরার গোলে। ৭৮ মিনিটে ব্রাজিলকে সমতায় ফেরান ওই অস্কার। ৯০ মিনিটের খেলা ২-২ সমতায় থাকলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১১১ মিনিটে জয়সূচক গোলটি করে অস্কার পূরণ করেন তাঁর হ্যাটট্রিক। তবে টুর্নামেন্টের সেরা ও সর্বোচ্চ গোলদাতার (৫ গোল) দুটি পুরস্কারই উঠেছে অস্কারের সতীর্থ ব্রাজিলিয়ান স্ট্রাইকার হেনরিকের হাতে। এএফপি।