অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়াবে: হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একে তো মহাবিপর্যয়ই বলা চলে। অস্ট্রেলীয় ক্রিকেট এর আগে এমন বিপর্যয়কর পরিস্থিতিতে পড়েছিল কি না, সেটা খুঁজে বের করতে ইতিহাসবিদদেরও গলদঘর্ম হওয়ার জোগাড়। শৃঙ্খলা ভঙ্গের কারণে চার অসি ক্রিকেটারকে ভারত থেকে দেশে ফেরত পাঠানোর ধাক্কা সামলে উঠতে অবশ্য বেশিদিন হাতে পাচ্ছে না অস্ট্রেলিয়া। কয়েকদিন পরই মোহালিতে তৃতীয় টেস্ট শুরু হচ্ছে। হায়দরাবাদ ও চেন্নাইয়ে হারের পর মোহালিতে ঘুরে দাঁড়ানোটা জরুরি অসিদের। সদ্যই ‘সাবেক’ হয়ে যাওয়া অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটসম্যান মাইক হাসির বিশ্বাস, সব চাপ, বিতর্ক সামলে মোহালিতেই ঘুরে দাঁড়াবে অস্ট্রেলিয়া।শেন ওয়াটসনসহ চার ক্রিকেটারের বহিষ্কার নিয়ে কোনো মন্তব্যে যাননি হাসি। ভারতীয় একটি পত্রিকায় লেখা কলামে তিনি জানিয়েছেন, ‘হায়দরাবাদ ও চেন্নাইয়ে হারের পর স্বাভাবিকভাবেই চাপের মুখে রয়েছে অস্ট্রেলিয়া। টিম ম্যানেজমেন্টের নিশ্চয়ই চার ক্রিকেটারের বহিষ্কারাদেশ নিয়ে নিজস্ব কোনো ভাবনা আছে। আমি দলের সঙ্গে নেই। সুতরাং বলতে পারছি না এই বহিষ্কারাদেশের সিদ্ধান্ত সঠিক, না ভুল।’তবে শৃঙ্খলার বিষয়ে যে অস্ট্রেলীয় দলের কোনো ছাড় নেই, সে কথা জানিয়ে দিতে ভোলেননি হাসি। তিনি বলেছেন, ‘দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়া একটি ক্রিকেট দল হিসেবে একটি নির্দিষ্ট মান বজায় রেখে চলছে।’‘অস্ট্রেলিয়া ক্রিকেট দলে খেলতে হলে তাদের ঠিক করে দেওয়া মানদণ্ড অনুযায়ীই আপনাকে চলতে হবে। এতে কোনো ছাড় নেই। ক্রিকেটের কারণেই বিশ্ব অস্ট্রেলিয়াকে আলাদাভাবে চেনে। অসিরা ক্রিকেট মাঠে নামে এক নম্বর স্থানটির জন্য। শীর্ষস্থানের জন্য মাঝেমধ্যে টিম ম্যানেজমেন্টকে কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হয়। চার ক্রিকেটারকে বহিষ্কার করা নিশ্চয়ই তেমনই একটা সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্ত সঠিক না ভুল তা সময়ই বলে দেবে।’ মাইক হাসির অভিমত।সিরিজের প্রথম দুটি টেস্ট হারলেও অস্ট্রেলিয়ার এখনো ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে বলেই মনে করেন মাইক হাসি। তিনি অধিনায়ক ক্লার্ককে পরামর্শ দিয়েছেন, এ মুহূর্ত থেকে সব বিতর্ক একপাশে সরিয়ে রেখে পরের টেস্টের জন্য নিজেদের তৈরি করতে। হাসি বলেছেন, ‘এটা ঠিক যে শৃঙ্খলার কারণ দেখিয়ে এমন কিছু ক্রিকেটারকে দল থেকে বের করে দেওয়া হয়েছে, যারা অসাধারণ ক্রিকেটার। কিন্তু, ওরাই তো সব নয়। ওদের বদলে যারা আছে, তারাও কোনো অংশে কম নয়। আমি আশাবাদী, অস্ট্রেলিয়া এদের নিয়েই সিরিজে ঘুরে দাঁড়াবে।’ ওয়েবসাইট।