অস্ট্রেলিয়া দলে ফাওয়াদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাওয়াদ আলম
ফাওয়াদ আলম

এই অ্যাশেজে তাঁকে পাওয়ার জন্য সংশোধন করা হয়েছিল আইন, দ্রুততর করা হয়েছিল নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া। শেষ পর্যন্ত অবশ্য অস্ট্রেলিয়ার টেস্ট দলে জায়গা পাননি। তবে সবকিছু ঠিক থাকলে ইংল্যান্ডেই অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয়ে যাচ্ছে ফাওয়াদ আহমেদের। অ্যাশেজের পর টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের অস্ট্রেলিয়া স্কোয়াডে রাখা হয়েছে পাকিস্তান থেকে পালিয়ে আসা লেগ স্পিনারকে। ফাওয়াদের আন্তর্জাতিক অভিষেকটা একরকম নিশ্চিতই, কারণ স্কোয়াডে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার তিনিই। আগামী নভেম্বরে অস্ট্রেলিয়ায় ফিরতি অ্যাশেজে খেলার সম্ভাবনাও এখন উজ্জ্বল।
ফাওয়াদ-রূপকথায় নতুন অধ্যায় যোগ করল অস্ট্রেলিয়া দলে ডাক পাওয়া। চার বছরে পাকিস্তানে ১০টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা লেগ স্পিনার জন্মভূমি ছেড়েছিলেন তালেবানের ভয়ে। অস্ট্রেলিয়ায় চেয়েছিলেন রাজনৈতিক আশ্রয়। সেই তিনিই এখন অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মূল স্পিনার! গত ২ জুলাই অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পাওয়ার পর ৩১ বছর বয়সী স্পিনার সেটিকে বলেছিলেন ‘স্বপ্নপূরণের মুহূর্ত।’ অস্ট্রেলিয়া দলে ডাক পাওয়াটা তাহলে নিশ্চয়ই স্বপ্নকেও ছাড়িয়ে যাওয়ার মুহূর্ত!
এ বছরের শুরু থেকেই আলোচনায় ছিলেন ফাওয়াদ। নাগরিকত্ব পাওয়ার পর দলে আসাটা প্রত্যাশিতই ছিল। তবে সীমিত ওভারের দলে সুযোগ পাওয়াটাকে খানিকটা চমকই বলতে হবে। সম্প্রতি অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরে ৩টি প্রথম শ্রেণীর ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন, কিন্তু ৫০ ওভারের ৫ ম্যাচে উইকেট মাত্র দুটি। তবে বড় দৈর্ঘ্যের ম্যাচে তাঁর বোলিংই মনে ধরেছে নির্বাচকদের। ফাওয়াদকে জায়গা দিতে বাদ পড়তে হয়েছে বাঁহাতি স্পিনার জেভিয়ার ডোহার্টিকে। সর্বশেষ ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার মিচেল মার্শও। ছোট ভাই বাদ পড়লেও দলে ফিরেছেন বড় ভাই, শন মার্শ। স্কোয়াড এখন ১৮ সদস্যের হলেও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য সেটি কমিয়ে আনা হবে ১৫ জনে। ওয়েবসাইট।
অস্ট্রেলিয়া দল: মাইকেল ক্লার্ক (ওয়ানডে অধিনায়ক), জর্জ বেইলি (টি-টোয়েন্টি অধিনায়ক), ফাওয়াদ আহমেদ, নাথান কোল্টার-নাইল, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, জশ হ্যাজলউড, ফিল হিউজ, মিচেল জনসন, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ক্লিন্ট ম্যাকাই, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, অ্যাডাম ভোজেস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন।