অস্ট্রেলিয়াই ফেবারিট, তবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ অ্যাডিলেডে তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া ও পাকিস্তান। এর আগে প্রথম আলোয় লেখা কলামে রিচার্ড হ্যাডলি ও ওয়াসিম আকরাম দুজনই অস্ট্রেলিয়াকে বলেছেন ফেবারিট। জেনে নিন তাঁদের বিশ্লেষণ—

রিচার্ড হ্যাডলি ও ওয়াসিম আকরাম
রিচার্ড হ্যাডলি ও ওয়াসিম আকরাম

অস্ট্রেলিয়া
ব্যাটিং
শক্তিশালী, জোরে মারতে পারা কয়েকজন ব্যাটসম্যান আছে, যারা ম্যাচ বের করে নিয়ে যেতে পারে। অ্যারন ফিঞ্চ ও স্টিভেন স্মিথের বড় স্কোর পাওনা হয়ে গেছে। ডেভিড ওয়ার্নার সেঞ্চুরি করেছেন, মাইকেল ক্লার্ক আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন। সঙ্গে আছে শেন ওয়াটসন ও ব্র্যাড হাডিন।
বোলিং
শক্তিশালী বোলিং লাইনআপ। পঞ্চম বোলারই যা একটু দুর্বলতা। এমনিতে মিচেল স্টার্ককে যোগ্য সঙ্গ দেবেন মিচেল জনসন ও প্যাট কামিন্স।
এক্স-ফ্যাক্টর
মিচেল স্টার্ক। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি (১৬)। বাঁহাতি হওয়ার কারণে বাড়তি একটা ‘অ্যাঙ্গেল’ পান, ডানহাতিদের জন্য বাইরে থেকে বল ভেতরে ঢোকাতে পারেন। মাঝেমধ্যে তো খেলা অসম্ভব হয়ে পড়ে। পাকিস্তানের জন্য বড় হুমকি হতে পারে স্টার্কই।
পাকিস্তান
ব্যাটিং
অন্যতম ভরসা মিসবাহ-উল-হক। দলের বাজে শুরুর পর তিনিই একটা লড়াই করার মতো বা জেতার মতো স্কোর গড়তে সহায়তা করে। এখনো ওয়ানডে সেঞ্চুরি পাননি, অনেকেই অস্ট্রেলিয়ার বিপক্ষেই সেঞ্চুরিটা দেখতে চাইবেন। ইউনিস খানকে না খেলালেও সমস্যা নেই, কারণ হারিস সোহেলের মতো অলরাউন্ডার আছে।
বোলিং
মোহাম্মদ ইরফানের অভাব টের পাবে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকাকে হারাতে বড় ভূমিকা ছিল তার। তবে একাদশ নির্বাচনে সতর্ক হতে হবে। ইয়াসির শাহকে নিলে ভালো। ওয়াহাব রিয়াজ ও রাহাত আলীর সঙ্গে তার বোলিং বৈচিত্র্য যোগ করবে।
এক্স-ফ্যাক্টর
ইয়াসির শাহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে আরব আমিরাতে টেস্ট সিরিজে ভালো করেছে। শহীদ আফ্রিদি ও হারিস সোহেলের সঙ্গে তার স্পিন সামলানো অস্ট্রেলিয়ার জন্য সহজ হবে না।

সম্ভাব্য ফল
অস্ট্রেলিয়া টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল। তাদের আত্মবিশ্বাস তুঙ্গে, ফেবারিট তারাই। আর এটাই পাকিস্তানের জন্য শাপেবর হতে পারে, কারণ পাকিস্তান জিতবে, এমন প্রত্যাশা কমজনেরই। আর পাকিস্তান তো চির-অননুমেয় দল। আগে ব্যাটিং করে পাকিস্তান ভালো রান করতে পারলে তাদের বোলিং আক্রমণের পক্ষে যেকোনো কিছুই সম্ভব। (টিসিএম ও হক-আই)