অস্ট্রেলিয়াকে ৭৪ রানে গুটিয়েও কষ্টে জিতল শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিসবেনে প্রচণ্ড গরমে আরও উত্তাপ ছড়ালেন শ্রীলঙ্কান দু্ই পেসার নোয়ান কুলাসেকারা ও লাসিথ মালিঙ্গা। এই দুজনের বোলিং তাণ্ডবে সিরিজের তৃতীয় ওয়ানডেতে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৭৪ রানে গুটিয়ে দিয়ে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে লঙ্কানরা। এই জয় নিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ব্যবধানটা ২-১এ এগিয়ে রাখল সফরকারী দল। ৩৪ ডিগ্রি সেলিসিয়াস তাপমাত্রায় ব্রিসবেনের মাটিতে আজ সকালে টসে জয়ী অসি দলনায়ক মাইকেল ক্লার্কের মুখের হাসি কেড়ে নিতে একেবারেই সময় নেননি লঙ্কান পেসাররা। ডেভিড ওয়ার্নারকে ৪ রানে ফিরিয়ে দেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। এর পর থেকে উইকেট শিকারের নেশায় মেতে ওঠেন কুলাসেকারা। সুইং বোলিংয়ের বিষে ফিল হিউস, ক্লার্ক, ডেভিড হাসি ও জর্জ বেইলিকে সাজঘরে পাঠানো সময় তাঁর সঙ্গে উইকেট শিকারের মিছিলে যোগ দেন লাসিথ মালিঙ্গা। তাঁর গতির ছন্দে হার মেনে ম্যাথু ওয়েড, হেনরিক্স ও মিচেল জনসনরা কালো মুখে ফিরে যান। মিচেল স্ট্রাক ২২ আর জাভিয়ার ডোহার্থি ১৫ রান না করলে অসিরা তাদের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে কম ৭০ রানের রেকর্ডটিও ভেঙে ফেলত। ব্যাট হাতে কিন্তু লঙ্কানদেরও স্বস্তি দেননি দগ্ধ অস্ট্রেলিয়ার ফাস্টবোলাররা। স্কোরবোর্ডে ৭৬ রান তুলতেই হারাতে হয় তাদের ছয়জন ব্যাটসম্যানকে, তাও আবার ২০ ওভারে। তিলকরত্নে দিলশান ও হার না মানা কুশল পেরার ২২ রানে বিজয়ীর হাসি হেসেছে সফরকারীরা। তবে জনসন ৩টি, স্ট্রাক ২টি এবং ম্যাকেই ১টি উইকেট নিয়ে হয়ত আফসোস করছেন-পুঁজি যদি আরেকটু বেশি হতো।