অস্ট্রেলিয়ার আবেগময় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আউট হয়ে গেলেন ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যান জেমস অ্যান্ডারসন। দুহাত ছড়িয়ে দাঁড়িয়ে পড়লেন মিচেল জনসন। তাঁকে আলিঙ্গনে বাঁধতে ছুটে আসছেন সতীর্থরা। অ্যাশেজটা যে অস্ট্রেলিয়াতেই ফেরত আসছে তা তো ইনসেট দেখেই বোঝা যাচ্ছে! এএফপি
আউট হয়ে গেলেন ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যান জেমস অ্যান্ডারসন। দুহাত ছড়িয়ে দাঁড়িয়ে পড়লেন মিচেল জনসন। তাঁকে আলিঙ্গনে বাঁধতে ছুটে আসছেন সতীর্থরা। অ্যাশেজটা যে অস্ট্রেলিয়াতেই ফেরত আসছে তা তো ইনসেট দেখেই বোঝা যাচ্ছে! এএফপি

মিচেল জনসন ছুটছিলেন দিগ্বিদিক। ব্র্যাড হাডিন উড়ছিলেন আকাশে। মাইকেল ক্লার্ক ছুটে গেলেন সতীর্থদের দিকে। যে যাঁকে সামনে পাচ্ছিলেন, জড়িয়ে ধরছিলেন প্রবল আবেগে। খানিক পর সবাই আলিঙ্গনাবদ্ধ হলেন গোল হয়ে। ক্লোজ ইন ফিল্ডিংয়ে থাকা জর্জ বেইলি হেলমেট ছুড়ে ঢুকে গেলেন মানব-বৃত্তে। সেই বৃত্তের বন্ধন আর শেষই হয় না!

ইংল্যান্ডের শেষ দুই ব্যাটসম্যান এবং আম্পায়ারদের সঙ্গে করমর্দনের পর আরেক দফা চলল পরস্পর আলিঙ্গন আর পিঠ চাপড়ে দেওয়া। জলে টলমল জনসনের চোখ পরিষ্কার বোঝা যাচ্ছিল টিভি-পর্দায়। ক্লার্ক-হাডিন-হ্যারিসের চোখের কোণেও চিকচিক করছিল অশ্রু। গ্যালারিতে বার্মি আর্মির কণ্ঠে ব্যর্থতার করুণ সুর। ওয়াকার বড় পর্দায় তখন ভেসে উঠেছে, ‘দা আর্ন রিটার্নস।’

তিন বছর আগে অ্যাশেজ ধরে রাখা নিশ্চিত করার পর মেলবোর্নে গ্রায়েম সোয়ানের নেতৃত্বে স্প্রিঙ্কলার নৃত্যে মেতেছিল ইংলিশরা। আগে থেকে সাজিয়ে নাটকীয় কিছু কাল করেনি অস্ট্রেলিয়া। কিন্তু তার পরও দারুণ দর্শনীয় হলো ক্লার্কদের উদ্যাপন। যে উদ্যাপনে মিশে রইল মুহূর্তটির উচ্ছ্বাস, স্বতঃস্ফূর্ততা, রোমাঞ্চ আর ভেতর থেকে উঠে আসা আবেগ।

৪ বছর ৩ মাস ২৪ দিন বা ২২৫ সপ্তাহ কিংবা ১৫৭৭ দিন পর আবার ভস্মাধারের অধিকার পেল অস্ট্রেলিয়া। ২০০৯ সালের ২২ আগস্ট, ওভালে রিকি পন্টিংয়ের দলের কাছ থেকে কেড়ে নেওয়া ভস্মাধার অস্ট্রেলিয়ায় ফিরিয়ে আনলেন ক্লার্করা। এই দলের প্রায় সবার জন্যই অনির্বচনীয় এক অনুভূতি। ক্লার্ক আর জনসন ছাড়া আর সবাই যে অ্যাশেজ জয়ের স্বাদ পেলেন প্রথমবার!

কালও অস্ট্রেলিয়াকে বেশ অনেকটা সময় অপেক্ষায় রেখেছিলেন বেন স্টোকস। ম্যাট প্রায়রকে নিয়ে প্রথম ঘণ্টা কাটিয়ে দেন নিরাপদেই। প্রায়র বাজে একটা শটে জনসনকে উইকেট উপহার দিলে দুজনের ৭৬ রানের জুটি শেষ। স্টোকস তবু ভড়কে না গিয়ে ব্রেসনানকে নিয়ে আর কোনো বিপদ হতে দেননি লাঞ্চ পর্যন্ত। কাঙ্ক্ষিত প্রথম টেস্ট সেঞ্চুরি স্টোকস পেয়ে যান লাঞ্চের আগেই। তবে লাঞ্চের পর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ইংল্যান্ড। জনসনের পেস আর লায়নের স্পিনে আধঘণ্টার মধ্যেই গুটিয়ে গেল ইংল্যান্ড। শেষটা যথার্থভাবেই হয়েছে মিচেল জনসনের হাত ধরে। আগের দুই টেস্টের মতো বিধ্বংসী চেহারায় ছিলেন না পেস-দানব। তার পরও তিনিই শেষ দিনের নায়ক, দলের সফলতম বোলারও। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে বিপর্যয় থেকে টেনে তোলা সেঞ্চুরির জন্য ম্যাচসেরা অবশ্য স্টিভেন স্মিথ।

তিন টেস্ট আর মাত্র ১৪ দিনেই অ্যাশেজ ফিরিয়ে আনার মিশন সুসম্পন্ন। মাঠ, ড্রেসিং রুম, গ্যালারি, ভিআইপি বক্সে উচ্ছ্বাস-আবেগের ছড়াছড়ি। নাথান লায়নের নেতৃত্বে গলা ফাটিয়ে দলীয় সংগীত গাওয়া। ড্রেসিং রুম থেকে যে সুর তরঙ্গায়িত হলো সুদূরে, ওয়াকা থেকে উচ্ছ্বাসের ঢেউ ছড়িয়ে পড়ল গোটা দেশে। ক্রিসমাসের সপ্তাহ খানেক আগেই অস্ট্রেলিয়ায় উৎসব শুরু! স্টার স্পোর্টস ১, ওয়েবসাইট।