অস্ট্রেলিয়ার কাছে শৃঙ্খলাই প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সফরের প্রথম দুই টেস্টে বেশ বড় ব্যবধানে হেরে ইতিমধ্যেই বেশ টালমাটাল অবস্থায় আছে অস্ট্রেলিয়া। এখন বাকি তিনটি টেস্টে ভালো খেলে ঘুরে দাঁড়ানোর দিকেই মনোযোগী থাকার কথা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের। কিন্তু পরবর্তী টেস্টের যথাযথ প্রস্তুতি নেওয়া তো দূরে থাক, উল্টো আরও গভীর সমস্যার মধ্যে পড়েছে সফরকারীরা। শৃঙ্খলাভঙ্গের দায়ে আজ দল থেকে বহিস্কার করা হয়েছে সহ অধিনায়ক শেন ওয়াটসন, পেসার জেমস প্যাটিনসন, মিচেল জনসন ও উদ্বোধনী ব্যাটসম্যান উসমান খাজাকে। দলের এই গুরুত্বপূর্ণ চার খেলোয়াড়কে ছাড়াই বাকি টেস্টগুলোতে মাঠে নামবে অস্ট্রেলিয়া। ভালো পারফরমেন্সের তুলনায় শৃঙ্খলা যে অস্ট্রেলিয়ান ক্রিকেটে অনেক গুরুত্বপূর্ণ সেটাই প্রমাণ করে এই ঘটনাটি।হায়দরাবাদ টেস্টে ইনিংস ও ১৩৫ রানের বিশাল ব্যবধানে হারের পর অসি ক্রিকেটারদের দলের সামগ্রিক পারফরমেন্স নিয়ে একটা পর্যালোচনা দাঁড় করানোর নির্দেশ দিয়েছিলেন কোচ মাইক আর্থার। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের বক্তব্য হাজির করেননি শেন ওয়াটসন, জেমস প্যাটিনসন, মিচেল জনসন ও উসমান খাজা। এই চার ক্রিকেটারের উপর দলের ব্যপক নির্ভরশীলতার কথা বিবেচনা করে হয়তো এই বিষয়টি এড়িয়েও যেতে পারত অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। কিন্তু দলের ভালো পারফরমেন্সের আগে শৃঙ্খলাকেই প্রধান বিষয় হিসেবে বিবেচনা করেছেন তারা। ফলে কর্তব্যে অবহেলার শাস্তিস্বরুপ এই চার ক্রিকেটার পেয়েছেন বহিস্কারাদেশ। এই সিদ্ধান্ত জানানোর জন্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোচ মাইক আর্থার বলেছেন, ‘হায়দরাবাদ টেস্টের পর পুরো দলই খুব হতাশ ছিল। কিভাবে এই সিরিজে ঘুরে দাঁড়ানো যায় সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমি সব খেলোয়াড়কে বলেছিলাম নিজেদের একটা পর্যালোচনা দাঁড় করাতে এবং সেটা আমাকে জানাতে। দুঃখজনকভাবে চারজন খেলোয়াড় এই কাজটা করতে ব্যর্থ হয়। আমরা আমাদের মনোভাব নিয়ে গর্ব করি। আমরা বিশ্বাস করি যে, এই আচরণ-মনোভাব দিয়েই আমরা এই দলটাকে দুনিয়ার সেরা দল বানাতে সচেষ্ট ছিলাম। বিশ্বের সেরা দলের মধ্যে থাকবে সেরা মনোভাব, সেরা আচরণ। আর একটা ভালো, কঠোর শৃঙ্খলাপরায়ণ সংস্কৃতি তাদের থাকতে হবে। দুর্ভাগ্যজনকভাবে এই চার ক্রিকেটার আমার নির্দেশমতো কাজ করতে পারেননি। তাই তাদেরকে পরবর্তী টেস্টে দলে নেওয়া হবে না।’কোচের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ইতিমধ্যেই দেশে ফিরে যাওয়ার বন্দোবস্ত করে ফেলেছেন সহ-অধিনায়ক শেন ওয়াটসন। আর মোহালি টেস্টের জন্য দল নির্বাচন করার জন্য অস্ট্রেলিয়ার আছে মাত্র ১৩ জন খেলোয়াড়। এর মধ্যে উইকেট রক্ষক ম্যাথু ওয়াডেও আছেন ইনজুরি আশঙ্কায়। শেষপর্যন্ত তিনিও মাঠে নামতে পারবেন কিনা, তাও এখন পর্যন্ত অনিশ্চিত। আগামী ১৪ মার্চ থেকে শুরু হতে যাওয়া মোহালি টেস্টের জন্য দল নির্বাচন করতে গিয়ে তাই বেশ ভালোই সমস্যার মধ্যে পড়তে হবে অস্ট্রেলিয়াকে।— টাইমস অব ইন্ডিয়া